প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তার মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও শপথ গ্রহণ করেছেন। এর মধ্য দিয়ে নতুন সরকার গঠন করেছে বিএনপি।
নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সঙ্গে সচিবালয়ে প্রস্তুতি শুরু হয়েছে প্রধানমন্ত্রীর দাপ্তরিক কার্যালয় সাজানোর জন্য। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের তৃতীয় তলায় দেখা গেছে, প্রধানমন্ত্রীর কক্ষ ধুয়ে-মুছে পরিষ্কার করা হচ্ছে। সম্মেলন কক্ষসহ অন্যান্য কক্ষও পরিচ্ছন্ন করা হচ্ছে।
আসবাবপত্র ঝাড়াই-বাছাই, নথিপত্র গুছানো এবং প্রয়োজনীয় কারিগরি সরঞ্জাম পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নিয়মিত দাপ্তরিক কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে অফিস করবেন। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন। মন্ত্রিপরিষদ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তিনি। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে সচিবালয়ে অফিসে যাবেন।
সেখানে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অংশ নেবেন। সভা শেষে সচিবালয়ে দুপুরের খাবার গ্রহণ করে বিকেল ৩টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন। বিকেল ৪টায় সচিবদের সঙ্গে আরও একবার মতবিনিময় সভা হবে।
সরকার গঠনের পর বুধবার প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করবেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরাও। তারা নিজ নিজ মন্ত্রণালয়ের দায়িত্বভার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন। কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত হবে। চলমান কার্যক্রমের খোঁজও নেবেন। সাংবাদিকদের ব্রিফিংও করবেন মন্ত্রিসভার সদস্যরা।
নতুন সরকারের আগমন উপলক্ষে সচিবালয় প্রাঙ্গণ সাজানো হয়েছে। বিভিন্ন ভবনের সামনে রঙিন ফুলের টব ও বাগান পরিচর্যার মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে।
এর আগে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। তারপরে নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হয়।
আকাশজমিন / আরআর