জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, জুলাই–আগস্টে ছাত্রজনতার গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ‘জুলাই যোদ্ধা’দের ইনডেমনিটি অর্থাৎ আইনি ও সাংবিধানিক সুরক্ষা দিতে সংসদে বিল পাস করা হবে। তিনি বলেন, গণঅভ্যুত্থানে পুলিশের পোশাক পরে যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না এবং প্রত্যেককে বিচারের আওতায় আনা হবে।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য আখতার হোসেন ও জয়নুল আবদিন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এই তথ্য জানান। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের ইনডেমনিটি দেওয়ার বিষয়টি ‘জুলাই জাতীয় সনদ’-এর অংশ, যা পাঁচ ও ছয় নম্বর দফায় অন্তর্ভুক্ত। এ অঙ্গীকারের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের সময় ‘জুলাই যোদ্ধা সুরক্ষা অধ্যাদেশ’ জারি করা হয়েছিল। বর্তমানে ১৩৩টি অধ্যাদেশের সঙ্গে এটিও জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব অধ্যাদেশ পরীক্ষা-নিরীক্ষা করে রিপোর্ট উপস্থাপন করার জন্য একটি বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী ২০ তারিখ কমিটিতে এ বিষয়ে আলোচনা হবে। সর্বসম্মতিক্রমে ‘জুলাই যোদ্ধা সুরক্ষা’ অধ্যাদেশটি সংসদে বিল আকারে উপস্থাপন করে পাস করার বিষয়ে সবাই একমত হয়েছেন।
তিনি বলেন, গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের বিরুদ্ধে যারা হানাদার বাহিনীর মতো হামলা চালিয়েছে, তাদের মধ্যে কিছু ব্যক্তি প্রাণ হারিয়েছে। তাই জুলাই যোদ্ধাদের সুরক্ষা প্রদানের জন্য এই অধ্যাদেশ জারি করা হয়েছে এবং দেশের মানুষ এ বিষয়ে একমত।
হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের বিভিন্ন হত্যাকাণ্ডের স্পেসিফিক মামলা হয়েছে। কিছু মামলা আইসিটি আইনের অধীনে এবং কিছু সাধারণ আইনের অধীনে আদালতে রয়েছে। এগুলোর তদন্ত ও চার্জশিট প্রদান প্রক্রিয়া চলমান। কিছু মামলার বিচারকাজ ইতোমধ্যেই শুরু হয়েছে এবং তা টেলিভিশনে লাইভ সম্প্রচারের ব্যবস্থাও করা হয়েছে।
তিনি আরও বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে যারা সশস্ত্র হামলা চালিয়েছে, তারা পুলিশের পোশাক পরুক বা যুবলীগ-ছাত্রলীগের সন্ত্রাসী হোক, যে বাহিনীর পোশাকই পরুক না কেন, তারা সবাই অপরাধী। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। যদি কারও বিরুদ্ধে মামলা না হয়ে থাকে, তবে সংশ্লিষ্টরা দায়ের করবেন। প্রতিটি মামলার সুষ্ঠু তদন্ত এবং বিচার বিভাগ যথাযথভাবে এর বিচার নিশ্চিত করবে।
স্বাধীন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু বিচার কার্যক্রমের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, দেশের মানুষ যেন সঠিক তথ্য ও নিরপেক্ষ বিচারকাজের সঙ্গে আপডেট থাকে, সেজন্য বিচার প্রক্রিয়া সর্বজনীন ও স্বচ্ছভাবে পরিচালিত হবে।