ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

নারায়ণগঞ্জে প্রথমবারের মতো পালিত হলো পাহাড়ি বিঝু উৎসব


  • আপলোড সময় : রবিবার ১২ এপ্রিল, ২০২৬ সময় : ৬:১০ পিএম

প্রথমবারের মতো নারায়ণগঞ্জে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে ঐতিহ্যবাহী বৈসাবি বিঝু উৎসব উদযাপন করা হয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরাসহ পার্বত্য চট্টগ্রাম থেকে আগত বিভিন্ন পাহাড়ি জাতিগোষ্ঠীর মানুষ কাঁচপুর ও আশপাশের এলাকায় বসবাস করায় এ আয়োজন করা হয়।

বৈসাবি—যা বৈসু, সাংগ্রাই ও বিজু উৎসবের সম্মিলিত রূপ—পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম প্রধান সামাজিক ও সাংস্কৃতিক উৎসব। নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য ও প্রার্থনার অংশ হিসেবে প্রতি বছর এই সময় তারা উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয়।

নারায়ণগঞ্জে কর্মসূত্রে বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীর উদ্যোগে রবিবার ভোর ৬টা থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাশে সোনারগাঁওয়ের কাঁচপুর এলাকায় বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রায় নারী, পুরুষ ও শিশুদের অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

পরে নদীতে ফুল ভাসিয়ে সবার মঙ্গল কামনা করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা প্রার্থনা করেন শান্তি, সমৃদ্ধি ও সুখী জীবনের জন্য। নদীর তীরে দাঁড়িয়ে অনেকে ঐতিহ্যবাহী গান, নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।

আয়োজকরা জানান, পার্বত্য চট্টগ্রাম থেকে দূরে থাকলেও নিজেদের সংস্কৃতি ধরে রাখার উদ্দেশ্যেই নারায়ণগঞ্জে প্রথমবারের মতো এ বিঝু উৎসব আয়োজন করা হয়েছে। তারা বলেন, কর্মজীবনের কারণে অনেকেই নিজ এলাকায় গিয়ে উৎসব পালন করতে পারেন না। বিশেষ করে পহেলা বৈশাখের ছুটি একদিন হওয়ায় দীর্ঘ সময়ের উৎসব পালন সম্ভব হয় না।

এ কারণে নারায়ণগঞ্জেই ছোট পরিসরে হলেও নিজেদের ঐতিহ্যবাহী উৎসব উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী নারী-পুরুষরা বলেন, নারায়ণগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার কারণে তারা দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকার উৎসব থেকে দূরে রয়েছেন। এবার প্রথমবারের মতো একসঙ্গে বিঝু উৎসব পালন করতে পেরে তারা আনন্দিত।

তারা আরও বলেন, এ ধরনের আয়োজন শুধু সংস্কৃতি রক্ষা করে না, বরং নতুন প্রজন্মকে নিজেদের ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ করে দেয়। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ উৎসব আয়োজনের আশা প্রকাশ করেন তারা।

স্থানীয়ভাবে আয়োজিত এ বিঝু উৎসব ঘিরে পাহাড়ি জনগোষ্ঠীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। শোভাযাত্রা, ফুল ভাসানো এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।


এ সম্পর্কিত আরো খবর