রূপগঞ্জ( নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকায় পুলিশের উপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার (৫ মে) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার বাসিন্দা, হত্যা, মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার পলাতক আসামি শামীম মিয়াকে (৪২) তার বসতঘর থেকে গ্রেফতার করা হয়। শামীম মিয়া চনপাড়া পুনর্বাসন কেন্দ্রের ৮নম্বর ওয়ার্ডের আব্দুল খালেদের ছেলে এবং রূপগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পরপরই শামীম মিয়ার সমর্থক ও দুর্বৃত্তরা সংগঠিত হয়ে রাম দা, লোহার রড, ছোরা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তারা পুলিশের গাড়ি ঘেরাও করে এবং পিকআপ ভ্যানের চাকা কেটে দেয়। একপর্যায়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করে মারধর করা হয় এবং হাতাহাতির ঘটনা ঘটে।
হামলাকারীরা পুলিশের ব্যবহৃত একটি ওয়াকিটকি, দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং আটক শামীম মিয়াকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে অতিরিক্ত পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৭ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
এ ঘটনায় রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন, এসআই রৌশন আলী, এসআই সিরাজুল ইসলাম, এসআই নাজিম উদ্দিন, কনস্টেবল আব্দুস সামাদ ও শাহদাৎ হোসেন আহত হন। তাদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে শামীম মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩১)সহ মোট ১২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন গোলাম কিবরিয়া (৩৬), দাদন মিয়া (৫১), ইমরান হোসেন (৩০), সাব্বির হোসেন (১৮), ইউনুস আলী (৩০), ইউসুফ মিয়া (৩৫), সুমন মিয়া (২৬), শফিকুল ইসলাম (২২), আজগর আলী (২৫), রুহুল আমীন (২৬) ও আফছার উদ্দিন (৪২)।
নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহদী ইসলাম জানান, হামলায় ওসিসহ ৬ পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের সমন্বয়ে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় রূপগঞ্জ থানার এসআই ইউনুস আলী খান বাদী হয়ে পুলিশের উপর হামলা, সরকারি কাজে বাধা প্রদান এবং সরকারি সম্পদ ক্ষয়ক্ষতির অভিযোগে ৪০ জনের নাম উল্লেখসহ আরও ১৫০/২০০ অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। চনপাড়া এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।