ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

স্কুলের আম খাওয়ায় তিন শিশুকে বেত্রাঘাত ও জুতার মালা পরানোর অভিযোগ


বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়

  • আপলোড সময় : বুধবার ০৬ মে, ২০২৬ সময় : ১:২৯ পিএম

বগুড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর অমানবিক শাস্তির অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের গাছ থেকে আম পেড়ে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে তিন শিশুশিক্ষার্থীকে বেত্রাঘাত করার পাশাপাশি গলায় জুতার মালা পরিয়ে এবং ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে অপমান করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগ অনুযায়ী, বগুড়া সদর উপজেলার বুজর্গধামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে কয়েকজন শিক্ষার্থী গত ২৮ এপ্রিল কাঁচা আম পেড়ে খায়। বিষয়টি জানার পর বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগম ক্ষুব্ধ হন। পরদিন তিনি চতুর্থ শ্রেণির দুইজন এবং পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে তার অফিস কক্ষে ডেকে নেন।

অভিযোগে বলা হয়, ওই তিন শিক্ষার্থীকে আম চুরির অপবাদ দিয়ে প্রধান শিক্ষিকা তাদের বেত্রাঘাত করেন। এরপর তাদের গলায় জুতার মালা পরানো হয় এবং শরীরে ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে বিদ্যালয় চত্বরে ও বিভিন্ন শ্রেণিকক্ষে ঘোরানো হয়। এ সময় কয়েকজন সহকারী শিক্ষকও এ কাজে সহযোগিতা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিদ্যালয়ের এমন আচরণকে অমানবিক ও শিশুর মানসিক বিকাশের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেন।

এ ঘটনায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দপ্তর থেকে প্রধান শিক্ষিকা গোল শাহানারা বেগমকে তিন দিনের মধ্যে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। তবে নির্ধারিত সময় পার হলেও তিনি কোনো জবাব দেননি।

পরে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত কমিটি গঠন করেন। বগুড়া সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে প্রধান করে গঠিত এই কমিটিকে বুধবারের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোলাম কবীর জানান, ঘটনাটি প্রাথমিকভাবে সত্য বলে প্রমাণিত হয়েছে। তিনি বলেন, ২৮ এপ্রিল শিক্ষার্থীরা বিদ্যালয়ের আমগাছ থেকে আম পাড়ে খায়। পরদিন প্রধান শিক্ষিকা তিন শিক্ষার্থীকে ডেকে এনে বেত্রাঘাত করেন এবং পরে তাদের গলায় জুতার মালা ও ‘আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে অপমান করেন। তিনি আরও জানান, জুতার মালা তৈরি ও পরানোর কাজে বিদ্যালয়ের অন্য কয়েকজন শিক্ষকও সহযোগিতা করেছেন বলে তদন্তে উঠে এসেছে।

এ বিষয়ে গোলাম কবীর বলেন, “৩ মে অভিভাবকদের মাধ্যমে বিষয়টি জানার পর প্রধান শিক্ষিকাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। নির্ধারিত সময়েও তিনি জবাব দেননি। জবাব না পেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

তদন্ত কমিটি গতকাল বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থী, অভিভাবক এবং অভিযুক্ত শিক্ষকদের বক্তব্য গ্রহণ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনার সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়েছে। কমিটি আগামীকাল জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেবে।

অভিভাবকদের অভিযোগ, ঘটনার দিন প্রধান শিক্ষিকা বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সহযোগিতায় তিন শিক্ষার্থীকে অফিসকক্ষে ডেকে নেন এবং শারীরিক শাস্তি দেন। এরপর তাদের গলায় জুতার মালা পরিয়ে এবং ‘আমি আমচোর’ লেখা কাগজ ঝুলিয়ে বিদ্যালয় চত্বরে ঘোরানো হয়। এছাড়া অন্য শিক্ষার্থীদের উদ্দেশে সতর্ক করে বলা হয়, ভবিষ্যতে কেউ এমন কাজ করলে একই ধরনের শাস্তির মুখোমুখি হতে হবে।

স্থানীয় অভিভাবক আবু বকর বলেন, বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। পরে চাপের মুখে প্রধান শিক্ষিকা অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান। তবে ঘটনার সঙ্গে জড়িত সকল শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন অধিকাংশ অভিভাবক।

এ ঘটনায় এলাকায় শিশু অধিকার ও বিদ্যালয়ের শৃঙ্খলা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে এমন শাস্তিমূলক ব্যবস্থা শিশুদের মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে।


এ সম্পর্কিত আরো খবর