সাতক্ষীরা প্রতিনিধি:
সাতক্ষীরা জেলায় সাংবাদিকদের নিয়ে হিউম্যান রাইটস জার্নালিস্ট নেটওয়ার্কের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সাংবাদিক এম কামরুজ্জামানকে আহ্বায়ক এবং মোস্তাফিজুর রহমান উজ্জলকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
বুধবার (৬ মে) বেলা ১১টায় সাতক্ষীরা ম্যানগ্রোভ সভাঘরে সাতক্ষীরা জেলা হিউম্যান রাইটস ডিফেন্ডার নেটওয়ার্কের আয়োজিত এক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় স্থানীয় সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
সভায় সভাপতিত্ব করেন ডিফেন্ডার নেটওয়ার্কের সভাপতি আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)-এর প্রধান নির্বাহী এডভোকেট সাইদুর রহমান। সভাটি সঞ্চালনা করেন নেটওয়ার্কের সম্পাদক এডভোকেট মুনির উদ্দীন।
অনুষ্ঠানে বক্তারা মানবাধিকার সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে বলেন, বর্তমান সময়ে মানবাধিকার লঙ্ঘনের নানা ঘটনা সামনে আসছে। এসব বিষয়ে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের তুলনায় বেশি। তারা মনে করেন, একটি সংগঠিত প্ল্যাটফর্ম থাকলে সাংবাদিকরা আরও সমন্বিতভাবে কাজ করতে পারবেন এবং মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
সভায় বক্তব্য রাখেন বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, দৈনিক ইত্তেফাক ও একুশে টেলিভিশনের জিএম মনিরুল ইসলাম মিনি, বেতার বাংলাদেশ, ইনডিপেন্ডেন্ট টিভি ও আজকের পত্রিকার আবুল কাশেম, সময় টিভির মমতাজ আহমেদ বাপি, এটিএন বাংলার এম কামরুজ্জামান, আমাদের সময় ও মাছরাঙা টিভির মোস্তাফিজুর রহমান উজ্জল, ঢাকা টাইমস/দ্য ডেইলি ক্যাম্পাস-এর মো. হোসেন আলী, এখন টিভির আহসানুর রহমান রাজিব, দৈনিক ভোরের এডভোকেট দিলিপ কুমার দেব, বণিক বার্তার গোলাম সরোয়ার, দৈনিক মানবজমিনের এসএম বিপ্লব হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, ডিবিসি টিভির বেলাল হোসেনসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে ২৭ সদস্যবিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নতুন কমিটি মানবাধিকারবিষয়ক সংবাদ সংগ্রহ, প্রচার এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা ও অধিকার রক্ষায়ও এই নেটওয়ার্ক ভূমিকা রাখবে বলে জানানো হয়।
বক্তারা আরও বলেন, মানবাধিকার রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরা যদি দায়িত্বশীল ও নিরপেক্ষভাবে কাজ করেন, তাহলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা সহজ হবে। নতুন এই কমিটি সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সভা শেষে সর্বসম্মতিক্রমে কমিটির অনুমোদন দেওয়া হয় এবং নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয়। এছাড়া সভায় সাংবাদিক আব্দুল বারীর মাতা এবং সাংবাদিক আসাদুজ্জামানের ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
আকাশজমিন /
আরআর