ক্রীড়া ডেস্ক
উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য আসন্ন ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে নিজের দল আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক মন্তব্য করেছেন লিওনেল মেসি। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন হলেও টানা দ্বিতীয় শিরোপা জয়ের দৌড়ে আর্জেন্টিনাকে সবচেয়ে বড় ফেভারিট হিসেবে দেখছেন না তিনি। বরং ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকে তুলনামূলকভাবে এগিয়ে রেখেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।
আর্জেন্টাইন সাংবাদিক পলো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি বলেন, বিশ্বকাপের আগে কয়েকটি দল দুর্দান্ত প্রস্তুতি ও শক্তিশালী স্কোয়াড নিয়ে এগিয়ে আছে। তার মতে, বর্তমান সময়ে আন্তর্জাতিক ফুটবলে প্রতিযোগিতা অনেক বেড়ে গেছে এবং শুধুমাত্র বর্তমান চ্যাম্পিয়ন হওয়ার কারণে কোনো দলকে আলাদা সুবিধা দেওয়া যায় না।
মেসি বলেন, ‘আমাদের বুঝতে হবে, আমাদের আগে আরও কিছু ফেভারিট দল আছে, যারা অনেক ভালো অবস্থায় টুর্নামেন্টে আসছে।’
বিশেষ করে পর্তুগাল দল নিয়ে উচ্চ প্রশংসা করেছেন তিনি। মেসির মতে, রোনালদোর নেতৃত্বে পর্তুগাল এখন অনেক বেশি পরিণত ও ভারসাম্যপূর্ণ দল। স্কোয়াডের প্রায় প্রতিটি পজিশনেই বিকল্প খেলোয়াড় থাকায় দলটি বর্তমানে বিশ্বের অন্যতম শক্তিশালী ইউনিটে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘পর্তুগালের প্রতিটি পজিশনে ভারসাম্য ও গভীরতা আছে। বর্তমান আর্জেন্টিনা দলের চেয়েও তারা আরও পরিণত ইউনিট।’
বিশ্বকাপের অন্যতম দাবিদার হিসেবে ফ্রান্সকেও এগিয়ে রেখেছেন মেসি। ২০২২ সালের বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল ফরাসিরা। সেই দলটির শক্তি এখনও কমেনি বলেই মনে করেন তিনি।
মেসি বলেন, ‘ফ্রান্স আবারও খুব শক্তিশালী দল। তাদের দলে এমন অনেক খেলোয়াড় আছে, যারা সর্বোচ্চ পর্যায়ের ফুটবল খেলছে।’
বিশ্লেষকদের মতে, মেসির এই মন্তব্য বিশ্ব ফুটবলে নতুন আলোচনা তৈরি করেছে। দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর দলকে বিশ্বকাপের অন্যতম বড় ফেভারিট হিসেবে উল্লেখ করায় ফুটবলপ্রেমীদের মধ্যেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বর্তমানে পর্তুগাল দলে অভিজ্ঞ ও তরুণ খেলোয়াড়দের দারুণ সমন্বয় রয়েছে। ব্রুনো ফার্নান্দেজ, রাফায়েল লিয়াও, জোয়াও ফেলিক্স, বের্নার্দো সিলভাদের মতো তারকাদের নিয়ে শক্তিশালী স্কোয়াড গড়ে তুলেছে দলটি। অন্যদিকে, আর্জেন্টিনাও লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ ও এনজো ফার্নান্দেজদের নিয়ে নতুন প্রজন্মের দল সাজাচ্ছে।
সব মিলিয়ে আগামী বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে উত্তেজনা ইতোমধ্যেই বাড়তে শুরু করেছে। আর সেই উত্তেজনায় নতুন মাত্রা যোগ করলেন লিওনেল মেসি নিজেই।
আকাশজমিন / আরআর