অনলাইন রিপোর্টার
পবিত্র হজ পালন করতে এখন পর্যন্ত ৫০ হাজার ৪৯২ জন বাংলাদেশি সৌদি আরবে পৌঁছেছেন। মোট ১২৯টি ফ্লাইটে এসব হজযাত্রী দেশটিতে গেছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন।
রোববার (১০ মে) সকালে প্রকাশিত তথ্য অনুযায়ী, শনিবার রাত ৩টা পর্যন্ত হজযাত্রীরা সৌদি আরবে পৌঁছান। হজ বুলেটিনের আইটি হেল্প ডেস্ক জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন যাত্রী সৌদি আরবে গেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৮টি ফ্লাইটে পৌঁছেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে গেছেন আরও ৮ হাজার ৮৫৯ জন হজযাত্রী।
মোট হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন। এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে সৌদি আরবে আরও দুই বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। তাদের মধ্যে ১০ জন পুরুষ এবং ২ জন নারী। নিহতদের মধ্যে মক্কায় ১০ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে হজযাত্রীদের প্রথম ফ্লাইট বাংলাদেশ থেকে জেদ্দার উদ্দেশে ছেড়ে যায় গত ১৮ এপ্রিল। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে থেকে।
হজ ব্যবস্থাপনা সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধাপে ধাপে সব হজযাত্রী সৌদি আরবে পৌঁছানোর কার্যক্রম চলমান রয়েছে এবং সুষ্ঠুভাবে হজ কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আকাশজমিন / আরআর