সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে নছিমন ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। আহতদের অবস্থা গুরুতর বলে জানা গেছে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহাম্মাদ মঞ্জুরুল আলম।
বুধবার (১৩ মে) সকাল ৭টার দিকে তাড়াশ-মহিষলুটি আঞ্চলিক সড়কের পাচান ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন তাড়াশ উপজেলার চকজয় কৃষ্ণপুর গ্রামের মৃত হাচেন সরকারের ছেলে জাবেদ হোসেন (৬৫) এবং একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মাসুদ রানা (৩৫)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে তাড়াশ-মহিষলুটি সড়ক দিয়ে অটোরিকশাটি যাওয়ার সময় পাচান ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ভেতরে থাকা দুই যাত্রী গুরুতর আহত হন।
খবর পেয়ে তাড়াশ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে। পরে তাদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
তাড়াশ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুহাম্মাদ মঞ্জুরুল আলম বলেন, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই উদ্ধার অভিযান পরিচালনা করা হয় এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর নছিমনটি আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
আকাশজমিন / আরআর