চাঁদপুর প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড বিতরণ, খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন এবং দলীয় সাংগঠনিক সভাসহ একাধিক কর্মসূচিতে অংশ নিতে চাঁদপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
শনিবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন প্রধানমন্ত্রী। তাঁর সফরকে কেন্দ্র করে কুমিল্লা ও চাঁদপুরে বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সফরসূচি অনুযায়ী যাত্রাপথে বেলা সাড়ে ১১টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
পথসভা শেষে প্রধানমন্ত্রী চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় যাবেন। দুপুর সাড়ে ১২টায় টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করবেন তিনি। দীর্ঘদিন ধরে নাব্যতা সংকট ও জলাবদ্ধতায় ভোগা এলাকার মানুষের জন্য এই প্রকল্প গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
এরপর দুপুর ১টা ৪৫ মিনিটে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী গ্রামের ঘোষের হাটসংলগ্ন বিশ্ব খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, খাল পুনঃখননের ফলে কৃষিকাজ, পানি নিষ্কাশন ও নৌযাতায়াতে ইতিবাচক পরিবর্তন আসবে।
দুপুর আড়াইটায় চাঁদপুর সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিরতি নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পরে বিকেল সাড়ে ৩টায় চাঁদপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। এ অনুষ্ঠানে বিভিন্ন সুবিধাভোগী পরিবারের হাতে সহায়তা কার্ড তুলে দেওয়া হবে।
সফরের শেষ পর্যায়ে বিকেল ৫টায় চাঁদপুর ক্লাবে জেলা বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেবেন প্রধানমন্ত্রী। সেখানে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সঙ্গে সাংগঠনিক বিষয়, রাজনৈতিক পরিস্থিতি এবং আগামী কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার মধ্য দিয়ে দিনের সফর শেষ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে কুমিল্লা-চাঁদপুর মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে পথসভাস্থল ও অনুষ্ঠানস্থলে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা।