সারাদেশে হামের সংক্রমণ ও উপসর্গজনিত জটিলতায় গত ২৪ ঘণ্টায় আরও ৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১ শিশু এবং হামের উপসর্গে ৫ শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৪ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ২৪৩ শিশু এবং সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৭৪ শিশু। পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য বিভাগে উদ্বেগ দেখা দিয়েছে, কারণ প্রতিদিনই নতুন রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ছে।
তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে ও হামের উপসর্গে মোট ৪৫৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৭৫ শিশুর এবং হামের উপসর্গে মারা গেছে ৩৮৪ শিশু।
একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৭ হাজার ৭৬৭ শিশু। পাশাপাশি সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৭ হাজার ৮৪৬ শিশু। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কর্মসূচির ঘাটতি, পুষ্টিহীনতা এবং সময়মতো চিকিৎসা না পাওয়াই পরিস্থিতি জটিল করে তুলছে।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, আক্রান্ত এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে এবং বাদ পড়া শিশুদের খুঁজে বের করে টিকা দেওয়া হচ্ছে। পাশাপাশি সচেতনতা বাড়াতে মাইকিং ও প্রচারণা চালানো হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, হামের বিস্তার রোধে দ্রুত শনাক্তকরণ, আইসোলেশন, সময়মতো চিকিৎসা এবং শিশুদের পূর্ণ টিকাদান নিশ্চিত করা অত্যন্ত জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।