ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

রূপগঞ্জে সালিশ বৈঠকে বিএনপি নেতাকে কুপিয়ে জখম


  • আপলোড সময় : মঙ্গলবার ১৯ মে, ২০২৬ সময় : ৮:৩০ পিএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হককে সালিশ বৈঠকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। সোমবার (১৮ মে) রাতে রূপগঞ্জের বিরাবো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, স্থানীয় আধিপত্য বিস্তার এবং পূর্ব শত্রুতার জেরে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় গত ১৭ মে স্থানীয় যুবদল নেতা কাউসার আহমেদ ও তার সমর্থকদের বিরুদ্ধে কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

অভিযোগ রয়েছে, ৮ থেকে ১০ জনের একটি দল রামদা, ছেনি, ছুরি, এসএস পাইপ ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই হামলা চালায়। হামলার সময় এলাকায় ৪ থেকে ৫টি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এ সময় কাঞ্চন পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক হামলাকারীদের বাধা দেওয়ার চেষ্টা করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয়ভাবে সালিশ বৈঠকের আয়োজন করা হয়।

জানা গেছে, সোমবার রাতে বিরাবো বাজারে ওই সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষ নিজেদের বক্তব্য তুলে ধরেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, এ সময় কাউসার আহমেদের সমর্থকরা সালিশ বৈঠকে হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে মোজাম্মেল হকের ওপর আঘাত করে তাকে গুরুতর জখম করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ ঘটনাস্থলে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মোজাম্মেল হকের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

তিনি আরও বলেন, অভিযোগের ভিত্তিতে সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এমন সহিংস ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তারা দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।


এ সম্পর্কিত আরো খবর