ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নবম পে-স্কেলে প্রথম ধাপেই ১০০ শতাংশ বেসিক চায় সরকারি কর্মচারীরা


  • আপলোড সময় : রবিবার ৩১ মে, ২০২৬ সময় : ১১:৪৫ পিএম

দীর্ঘ ১১ বছর পর নবম জাতীয় বেতন কাঠামো (পে-স্কেল) বাস্তবায়নের উদ্যোগকে স্বাগত জানিয়েছে ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি’। তবে ধাপে ধাপে নয়, আগামী ১ জুলাই থেকেই প্রথম ধাপে শতভাগ মূল বেতন (বেসিক) কার্যকর করার দাবি জানিয়েছে সংগঠনটি।

রোববার (৩১ মে) সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল মালেক এবং সদস্য সচিব আশিকুল ইসলামের যৌথ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিম্ন আয়ের সরকারি কর্মচারীরা চরম অর্থনৈতিক চাপে রয়েছেন। অনেকেই সংসার চালাতে অতিরিক্ত কাজ করতে বাধ্য হচ্ছেন, যা রাষ্ট্রীয় প্রশাসনের জন্য উদ্বেগজনক।

সংগঠনটির নেতারা জানান, বিভিন্ন মহলে আলোচনা রয়েছে যে নবম পে-স্কেল তিন বছরে তিন ধাপে বাস্তবায়ন করা হতে পারে এবং প্রথম ধাপে ৫০ শতাংশ বেসিক কার্যকর করা হতে পারে। যদিও এ বিষয়ে সরকার এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তবুও এমন সিদ্ধান্ত বাস্তবায়িত হলে তা কর্মচারীদের প্রত্যাশা পূরণে ব্যর্থ হবে বলে মনে করছেন তারা।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, যদি ৫০ শতাংশ বেসিক বৃদ্ধির সঙ্গে বর্তমানে চালু থাকা ১৫ শতাংশ বিশেষ সুবিধা বা ভাতা প্রত্যাহার করা হয়, তাহলে নিম্ন গ্রেডের কর্মচারীরা প্রকৃত অর্থে খুব সামান্য সুবিধা পাবেন। বর্তমান বাজার পরিস্থিতিতে এই অতিরিক্ত অর্থ জীবনযাত্রার ব্যয় সামাল দেওয়ার জন্য যথেষ্ট হবে না।

এ অবস্থায় ‘বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি’ একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। সংগঠনটির মতে, সরকার চাইলে প্রথম ধাপেই শতভাগ বেসিক কার্যকর করতে পারে এবং বর্তমানের ১৫ শতাংশ বিশেষ ভাতা সেখানে সমন্বয় করতে পারে। এরপর দেশের অর্থনৈতিক সক্ষমতা ও বাজেট পরিস্থিতি বিবেচনায় অন্যান্য ভাতা ধাপে ধাপে বাস্তবায়ন করা যেতে পারে।

তাদের প্রস্তাব অনুযায়ী, দ্বিতীয় ধাপে বাসাভাড়া ভাতা এবং তৃতীয় ধাপে চিকিৎসা, যাতায়াতসহ অন্যান্য সুবিধা বাস্তবায়ন করা হলে সরকারের ওপর এককালীন অতিরিক্ত চাপ পড়বে না। একই সঙ্গে কর্মচারীরাও সন্তুষ্ট থাকবেন।

সংগঠনটির নেতারা আরও বলেন, সাধারণত একটি পে-স্কেলের সুবিধা সরকারি কর্মচারীরা পাঁচ বছর ভোগ করেন। সেখানে ১১ বছর পর নতুন পে-স্কেল চালু করে যদি আবার তিন বছর ধরে বাস্তবায়ন প্রক্রিয়া চলতে থাকে, তাহলে কর্মচারীদের প্রত্যাশা পূরণ হবে না।

তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়ন হলে অসাধু ব্যবসায়ীরা প্রতি ধাপকে কেন্দ্র করে বাজারে দ্রব্যমূল্য বাড়ানোর সুযোগ পাবে। ফলে বেতন বৃদ্ধির সুফল কর্মচারীদের কাছে পৌঁছানোর আগেই মূল্যস্ফীতির চাপে তা ম্লান হয়ে যেতে পারে।

এ কারণে আগামী ১ জুলাই থেকে এককালীন শতভাগ বেসিক বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি জরুরি আহ্বান জানিয়েছে সংগঠনটি।


এ সম্পর্কিত আরো খবর