ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

মাঠে খেলা শুরুর আগেই বিশ্বকাপ জ্বর, বাড়ছে জার্সির চাহিদা


  • আপলোড সময় : মঙ্গলবার ০২ জুন, ২০২৬ সময় : ৫:০৫ পিএম

আগামী ১১ জুন পর্দা উঠছে ২৩তম ফুটবল বিশ্বকাপের। মাঠে খেলা শুরুর আগেই বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। রাজধানীর ফুটপাত থেকে শুরু করে স্পোর্টস শোরুম—সবখানেই এখন বিভিন্ন দেশের পতাকা ও জার্সির ছড়াছড়ি। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর গুলিস্তানের ফুটপাত ও স্পোর্টস মার্কেট ঘুরে দেখা যায়, বিশ্বকাপ উপলক্ষে জার্সি কেনাবেচা জমে উঠেছে। দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা পাইকারিভাবে জার্সি সংগ্রহ করতে এসেছেন। পাশাপাশি নিজেদের প্রিয় দলের জার্সি কিনতে ভিড় করছেন সাধারণ ক্রেতারাও।

বাজারজুড়ে আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল ও ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের জার্সি সাজিয়ে রাখা হয়েছে। ফুটপাতে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে জার্সি পাওয়া গেলেও দোকান ও শোরুমে দাম শুরু হচ্ছে ৫০০ টাকা থেকে। উন্নতমানের জার্সির দাম ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।

ব্যবসায়ীরা জানান, বিশ্বকাপকে ঘিরে চাহিদা বৃদ্ধির কারণে জার্সির দামও বেড়েছে। স্বাভাবিক সময়ের তুলনায় অনেক জার্সিই ১০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রি হচ্ছে। তবুও ক্রেতাদের আগ্রহে ভাটা পড়েনি।

গুলিস্তান স্পোর্টস মার্কেটের ব্যবসায়ীদের মতে, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সি। বাংলাদেশের ফুটবলপ্রেমীদের বড় একটি অংশ এই দুই দলের সমর্থক হওয়ায় প্রতি বিশ্বকাপেই তাদের জার্সির চাহিদা থাকে সবচেয়ে বেশি।

লালবাগ থেকে দুই নাতনির জন্য আর্জেন্টিনার জার্সি কিনতে আসা মো. সেলিম হোসেন বলেন, তিনি নিজে আর্জেন্টিনার সমর্থক এবং তার দুই নাতনিও একই দলের ভক্ত। বিশ্বকাপ এলে তাদের পরিবারে আলাদা উৎসবের পরিবেশ তৈরি হয়। পরিবারের অন্য সদস্যরা ব্রাজিলের সমর্থক হওয়ায় খেলার সময় প্রতিদ্বন্দ্বিতার আমেজও তৈরি হয়।

জুরাইন থেকে আসা দশম শ্রেণির শিক্ষার্থী লাহিন বলেন, তিনি নিজের জন্য আর্জেন্টিনার জার্সি কিনেছেন। তবে ছোট ভাইয়ের জন্য কিনেছেন ব্রাজিলের জার্সি। বিশ্বকাপ সামনে রেখে নতুন জার্সি পরেই খেলা উপভোগ করার পরিকল্পনা তাদের।


নরসিংদীর মনোহরদী থেকে পাইকারি জার্সি কিনতে আসা ব্যবসায়ী সুমন জানান, গ্রামাঞ্চলেও আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির চাহিদা সবচেয়ে বেশি। এছাড়া স্পেন, জার্মানি ও ফ্রান্সের জার্সিও বিক্রি হচ্ছে। তবে বিশ্বকাপ উপলক্ষে পাইকারি বাজারেও দাম বেড়েছে।

ফুটপাতের বিক্রেতা আব্দুল মান্নান বলেন, তার কাছে ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের জার্সি রয়েছে। বর্তমানে বিক্রি বেশ ভালো হচ্ছে। খেলা যত ঘনিয়ে আসবে, বিক্রি আরও বাড়বে বলে তিনি আশা করছেন।

অন্যদিকে গুলিস্তান স্পোর্টস মার্কেটের সালমান স্পোর্টসের বিক্রেতা নূরে আলম মিয়াজি জানান, দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা তাদের দোকানে জার্সি কিনতে আসছেন। বর্তমানে আর্জেন্টিনা ও ব্রাজিলের জার্সির বিক্রি অন্যান্য দলের তুলনায় কয়েকগুণ বেশি।

বিশ্বকাপ শুরু হতে এখনও কয়েকদিন বাকি। তবে এরই মধ্যে দেশের ফুটবলপ্রেমীদের মাঝে উৎসবের আবহ তৈরি হয়েছে। আর সেই উন্মাদনার বড় অংশজুড়েই রয়েছে প্রিয় দলের জার্সি সংগ্রহের প্রতিযোগিতা।


এ সম্পর্কিত আরো খবর