বিদ্যুতের দাম আরও একবার বাড়ানো হয়েছে। বুধবার (৩ জুন) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক ঘোষণায় পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের নতুন মূল্যহার নির্ধারণ করেছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১ টাকা ৫২ পয়সা বাড়িয়ে ১০ টাকা ৬৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বিদ্যুৎ খাতের বিভিন্ন সংস্থা ও কোম্পানিগুলো গত মে মাসের ৩ থেকে ৬ তারিখের মধ্যে বিদ্যুতের পাইকারি ও খুচরা দাম এবং সঞ্চালন মাশুল বাড়ানোর জন্য বিইআরসিতে আবেদন জানিয়েছিল। সেই আবেদনের পরিপ্রেক্ষিতেই এই মূল্যবৃদ্ধির ঘোষণা এলো।
উল্লেখ্য, দাম বৃদ্ধির এই প্রক্রিয়াটি বিতর্কের ঊর্ধ্বে নয়। গত ২০ ও ২১ মে বিইআরসির আয়োজিত গণশুনানিতে রাজনৈতিক নেতা, ভোক্তা অধিকারকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শিল্পোদ্যোক্তারা বিদ্যুতের দাম বাড়ানোর এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিলেন। শুনানিতে তাদের প্রধান অভিযোগ ছিল যে, বিদ্যুৎ খাতের দীর্ঘদিনের দুর্নীতি, অব্যবস্থাপনা, ভুল পরিকল্পনা এবং অপচয়ের বোঝা সাধারণ গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে বাড়তি চাপ পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এর আগে, ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে সরকারি নির্বাহী আদেশে পাইকারি পর্যায়ে বিদ্যুতের গড় দাম ইউনিটপ্রতি ৬ টাকা ৭০ পয়সা থেকে বাড়িয়ে ৭ টাকা ৪ পয়সা করা হয়েছিল। বর্তমান এই মূল্যবৃদ্ধির মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক পরিস্থিতির পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
আকাশজমিন / আরআর