রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার কারণে পরিবেশ দূষণ ও জনদুর্ভোগ সৃষ্টি হওয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার ভুলতা গাউছিয়া সড়কের পাশে গড়ে ওঠা ময়লা আবর্জনার স্তুপ অপসারণ করা হয়েছে। গত বুধবার ও বৃহস্পতিবার দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মাসে পত্রিকায় “ঢাকা-সিলেট মহাসড়ক ও শীতলক্ষ্যার ঘাটে ঘাটে আবর্জনার স্তুপ, পঁচা-দুর্গন্ধে বিপর্যস্ত পরিবেশ” শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হয়।
পরবর্তীতে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান দিপু, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সাইফুল ইসলাম এবং গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাসির মিয়া ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
এর ধারাবাহিকতায় রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে ময়লা আবর্জনার স্তুপ অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। অভিযানে ইউনিয়ন পরিষদের কর্মচারী, স্থানীয় স্বেচ্ছাসেবক ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।
দীর্ঘদিন জমে থাকা আবর্জনা অপসারণের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানান স্থানীয়রা। তারা বলেন, দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণে জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছিল, তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতে যাতে আবারও এ ধরনের বর্জ্যের স্তুপ না জমে সে বিষয়ে নিয়মিত নজরদারি ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত থাকবে।