জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩ হাজার ৮৯০ কোটি ৯৭ লাখ টাকা ব্যয় সম্বলিত মোট ১০টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন করেছে। অনুমোদিত এই ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন (জিওবি) ৩ হাজার ৮১০ কোটি ৬২ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৮০ কোটি ৩৫ লাখ টাকা।
মঙ্গলবার (৯ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার সচিবালয় কক্ষে অনুষ্ঠিত বছরের গুরুত্বপূর্ণ একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়। এবারের একনেক সভায় পাস হওয়া প্রকল্পগুলোর মধ্যে একদম নতুন প্রকল্প রয়েছে ৫টি, সংশোধিত প্রকল্প ৩টি এবং বিশেষ মেয়াদ বৃদ্ধি প্রকল্প রয়েছে ২টি।
সভায় বিস্তারিত আলোচনা শেষে অনুমোদিত ১০টি প্রকল্পের বিবরণ তুলে ধরা হলো— পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ১টি প্রকল্প অনুমোদন পেয়েছে, যা হলো ‘বরিশাল সেচ প্রকল্পের রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প। ভূমি মন্ত্রণালয়ের অধীন ১টি প্রকল্প ‘সমন্বিত উপজেলা ভূমি কমপ্লেক্স নির্মাণ’ প্রকল্প। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীন ১টি প্রকল্প অনুমোদন করা হয়েছে, এটি হলো ‘ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নগর ভবন নির্মাণ’ প্রকল্প। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন অনুমোদিত ১টি প্রকল্প হলো ‘আনোয়ারা-বাঁশখালী-টইটং-পেকুয়া-বদরখালী-চকরিয়া (ঈদমনি) (আর-১৭০) আঞ্চলিক মহাসড়ক (কালাবিবির দিঘী থেকে ঈদমনি) যথাযথমান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প।
প্রশাসনিক অবকাঠামো উন্নয়নে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন ১টি মেগা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যা হলো ‘বাংলাদেশের ৩৩টি জেলায় সার্কিট হাউস এবং জেলা প্রশাসকের কার্যালয়, ঠাকুরগাঁও এ লিফট সংযোজন’ প্রকল্প। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন শিশু স্বাস্থ্য সুরক্ষায় ১টি প্রকল্প পাস হয়েছে, যা হলো ‘বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট সম্প্রসারণ প্রকল্প-২’।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ১টি প্রকল্প হলো ‘ঢাকা সিএমএইচ এ ক্যান্সার সেন্টার নির্মাণ (২য় পর্যায়) (১ম সংশোধন)’ প্রকল্প। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এবার ২টি গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে প্রথমটি হলো ‘মাদরাসা এডুকেশন ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (এমইএমআইএস) সাপোর্ট (৩য় সংশোধন)’ প্রকল্প এবং দ্বিতীয়টি হলো ‘দেশের ৬৫৩টি মাদরাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প। এ ছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীন ১টি প্রকল্প হলো ‘বিদ্যমান গ্রিড উপকেন্দ্র ও সঞ্চালন লাইনের ক্ষমতাবর্ধন (১ম সংশোধিত)’ প্রকল্প।
একনেক সভায় প্রকল্পগুলো অনুমোদনের পাশাপাশি পরিকল্পনামন্ত্রীর ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত আরও ৬টি প্রকল্প সম্পর্কে একনেক সভাকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়। অবহিতকরণ প্রকল্পগুলো হলো— ১. বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (২য় সংশোধিত) প্রকল্প; ২. ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিভুক্ত এলাকায় বর্জ্য অপসারণ ও ব্যবস্থাপনা, সড়ক মেরামতে ব্যবহৃত আধুনিক যান-যন্ত্রপাতি সংগ্রহ এবং ম্যাকানাইজড পার্কিং স্থাপনের মাধ্যমে যানজট নিরসনকরণ (২য় সংশোধিত) প্রকল্প; ৩. নাগরিক প্রান্তে বিদ্যমান ডাকসেবার সম্প্রসারণ ও সহজলভ্যকরণ; ৪. ঢাকা সেনানিবাস এমইএস ট্রেনিং সেল এর অবকাঠামো সুবিধাদি সম্প্রসারণ প্রকল্প; ৫. এক্সিলারেটিং অ্যাকশন টু এন্ড চাইল্ড ম্যারিজ ইন বাংলাদেশ (পেজ-২) প্রকল্প এবং ৬. পাইকগাছা কৃষি কলেজ স্থাপন, খুলনা (২য় সংশোধন) প্রকল্প। এসব প্রকল্পের মাধ্যমে দেশের অবকাঠামো ও জীবনযাত্রার মান আরও উন্নত হবে।
আকাশজমিন /
আরআর