ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

চোট কাটিয়ে কবে মাঠে ফিরবেন আর্জেন্টিনার বিশ্বস্ত ‘বাজপাখি’


  • আপলোড সময় : বুধবার ১০ জুন, ২০২৬ সময় : ৯:১৬ এএম

বিশ্বকাপ ফুটবলের মূল পর্বে মাঠে নামার আগে আর্জেন্টিনা শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট। বিশেষ করে দলের প্রধান গোলরক্ষক এবং সমর্থকদের কাছে ‘বাজপাখি’ খ্যাত এমিলিয়ানো মার্তিনেজের চোট কতটা গুরুতর এবং তিনি কবে নাগাদ মাঠে ফিরবেন, তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আগামীকাল বুধবার সকালে আইসল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় এই ম্যাচে মার্তিনেজের খেলা হচ্ছে না।

বর্তমানে আলবিসেলেস্তে কোচিং স্টাফের ভাবনার এক বিশাল অংশ জুড়ে রয়েছে চোটাক্রান্ত খেলোয়াড়দের পুনর্বাসন প্রক্রিয়া। মার্তিনেজ ছাড়াও লিয়ান্দ্রো পারেদেস এবং হুলিয়ান আলভারেজের মতো তারকারা এখনো দলের সঙ্গে পুরোপুরি অনুশীলনে যোগ দিতে পারেননি। তবে গোলপোস্টের নিচে যার ওপর দলের সিংহভাগ ভরসা, সেই মার্তিনেজকে নিয়েই নজরে রাখা হচ্ছে সবচেয়ে বেশি।

আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের অন্যতম এই মহানায়ক ক্লাব ফুটবলে ইংলিশ প্রিমিয়ার লিগের দল অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপার ফাইনালে নামার ঠিক আগমুহূর্তে আঙুলে চোট পান। তবে দলের প্রয়োজনে সেই গুরুতর চোট নিয়েই ফাইনালের মঞ্চে ভিলার গোলপোস্ট সামলান এই তারকা গোলকিপার এবং দলকে এনে দেন দীর্ঘ প্রতীক্ষিত ঐতিহাসিক শিরোপা। কিন্তু ডান হাতের অনামিকা আঙুলে চিড় ধরার পর থেকেই তিনি আর স্বাভাবিক অনুশীলন চালিয়ে যেতে পারছেন না। জাতীয় দলের কন্ডিশনিং ক্যাম্পে যোগ দিলেও এত দিন তাকে হাত সামলে রেখে হালকা শরীরচর্চা করতে দেখা গেছে। এ সময় তাঁর চোটাক্রান্ত হাতে ব্যান্ডেজ জড়ানো ছিল। এই চোটের কারণেই হন্ডুরাসের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে খেলা হয়নি মার্তিনেজের এবং একই কারণে আইসল্যান্ডের বিপক্ষেও ডাগআউটে বসে থাকতে হচ্ছে তাকে।

তাহলে মার্তিনেজের সেরে উঠতে ঠিক কত দিন লাগবে? এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ধারণা দিয়েছেন দলের প্রধান কোচ লিওনেল স্কালোনি। আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা বস জানিয়েছেন, আগামী শুক্রবার মার্তিনেজের হাতের ব্যান্ডেজ পুরোপুরি খুলে ফেলা হবে। এরপর চিকিৎসকদের মাধ্যমে তাঁর হাতের অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। স্কালোনি বলেন, 'যদি আঙুলের হাড় জোড়া লাগার ইতিবাচক লক্ষণ তৈরি হয়ে থাকে, তাহলে সেটা হবে আমাদের জন্য খুব ভালো সংকেত। আমরা তখন থেকেই মার্তিনেজের অনুশীলনের মাত্রা ধাপে ধাপে বাড়িয়ে দিতে পারব।'

বিশ্বকাপের মূল মঞ্চে আর্জেন্টিনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ সময় ১৭ জুন সকালে, যেখানে তাদের প্রতিপক্ষ আলজেরিয়া। ওই ম্যাচের আগে কি পুরোপুরি সেরে উঠতে পারবেন মার্তিনেজ? আর্জেন্টাইন ক্রীড়া সংবাদমাধ্যম টিওয়াসি স্পোর্টস এক প্রতিবেদনে আশার বাণী শুনিয়েছে। তাদের দাবি, পুনর্বাসন প্রক্রিয়া ঠিকঠাক চললে বিশ্বকাপের প্রথম ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার গোলপোস্টে দেখা যেতে পারে ৩৩ বছর বয়সী এই গোলকিপারকে। তবে যদি শেষ পর্যন্ত মার্তিনেজ সময়মতো ফিট হতে না পারেন, সে ক্ষেত্রে বিকল্প হিসেবে আর্জেন্টিনার গোলপোস্ট সামলানোর দায়িত্ব পাবেন হেরোনিমো রুইয়ি। আগামীকাল আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচেও রুইয়িকেই শুরু থেকে পোস্টের নিচে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।


এ সম্পর্কিত আরো খবর