ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

বেইজিংয়ে বিরল কূটনৈতিক প্রোটোকল

চীন সফরে ‘ডাবল প্রায়োরিটি’ পাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : সোমবার ১৫ জুন, ২০২৬ সময় : ৭:১১ পিএম

গত ফেব্রুয়ারিতে বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই চীনের সঙ্গে রাজনৈতিক ও সরকারি পর্যায়ে যোগাযোগ বেশ বেড়েছে। বাংলাদেশ থেকে দুই পর্যায়েই একের পর এক গুরুত্বপূর্ণ সফর হচ্ছে বেইজিংয়ে। এরই ধারাবাহিকতায় চলতি মাসের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে বাংলাদেশের সরকারপ্রধান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং— উভয়ের সঙ্গেই পৃথক দ্বিপক্ষীয় বৈঠকে বসার সুযোগ পাচ্ছেন। রাজনৈতিক ও অর্থনৈতিক বিবেচনায় এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছেন সংশ্লিষ্টরা। তারা বলছেন, দুই দেশের বিদ্যমান সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে সরকারপ্রধানের এই সফর যুগান্তকারী ভূমিকা রাখবে।

আগামী জুনের শেষ সপ্তাহে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও প্রধানমন্ত্রী লি কিয়াং উভয়ের সঙ্গেই পৃথক দ্বিপক্ষীয় বৈঠক করবেন, যা কূটনৈতিক প্রোটোকল অনুযায়ী একটি বিরল অগ্রাধিকার। চীনের দুই শীর্ষ নেতার সঙ্গে পৃথক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ঢাকা–বেইজিং সম্পর্ক আগামী দিনগুলোতে কীভাবে সামনে এগোবে, তারই একটি সুনির্দিষ্ট রূপরেখা নিয়ে আলোচনা করবেন। পররাষ্ট্রমন্ত্রী ও সচিব পর্যায়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন সরকারের প্রধান হিসেবে প্রথম বিদেশ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া যাচ্ছেন। তিনি আগামী ২১ থেকে ২২ জুন কুয়ালালামপুর সফর করবেন। এরপর ২৩ থেকে ২৬ জুন চীন সফর করবেন। সরকারপ্রধান কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিংয়ে পৌঁছাবেন বলে কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর চীন সফরের প্রস্তুতির অংশ হিসেবে গত সপ্তাহে বেইজিং সফর করেছেন পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম। তিনি চীনের উপপররাষ্ট্রমন্ত্রী হুয়া চুনইংয়ের সঙ্গে তারেক রহমানের চীন সফরের নানা কর্মসূচি, আলোচ্যসূচি, সম্ভাব্য চুক্তি ও সমঝোতা স্মারকসহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। ঢাকা-বেইজিংয়ের কূটনৈতিক সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর এই সফরে একাধিক সমঝোতা স্মারকসহ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সইয়ের প্রস্তুতি চলছে। উভয় পক্ষের সম্মতিতে সফরের ঠিক আগমুহূর্তে এসব চুক্তি ও সমঝোতার বিষয়টি চূড়ান্ত হবে।

সরকারের একজন কূটনীতিবিদ বলেন, চীনের সঙ্গে নতুন সরকারের যোগাযোগ অনেক নিবিড় হয়েছে। প্রধানমন্ত্রীর এই সফরে চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট— দুজনের সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক হবে। দুই শীর্ষ নেতার সঙ্গে বড় পরিসরে প্রতিনিধিদল নিয়ে আলাদা বৈঠক অনুষ্ঠিত হবে। সাধারণত কোনো দেশের সরকারপ্রধান সফরে গেলে যেকোনো একজনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হয় এবং অন্যজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়। কিন্তু এবার দুজনের সঙ্গেই প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক হবে। এই কূটনীতিক আরও বলেন, সরকারপ্রধানের দুই শীর্ষ নেতার সঙ্গেই দ্বিপক্ষীয় বৈঠক পাওয়াটা একটি বড় ‘ডাবল প্রায়োরিটি’ বা বিশেষ অগ্রাধিকার। এটি প্রমাণ করে যে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের সময়কাল হতে পারে প্রায় আধা ঘণ্টা। অন্যদিকে, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকটি ৪০ মিনিট থেকে এক ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, প্রধানমন্ত্রীর সফরে রাজনৈতিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা এবং অবকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলো আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। বাংলাদেশের পক্ষ থেকে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো, জ্বালানি সহযোগিতা, চীনা শিল্প বাংলাদেশে স্থানান্তর, অর্থনৈতিক অঞ্চল চালু করা, তিস্তা মহাপরিকল্পনা, মোংলা বন্দরের আধুনিকায়ন এবং গুয়াংজু-চট্টগ্রাম ও সাংহাই-চট্টগ্রাম সরাসরি বিমান ফ্লাইট চালু করার প্রস্তাব দেওয়া হবে।

পাশাপাশি বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য জোট রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি), ব্রিকস এবং অর্থনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তা সংস্থা সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-তে বাংলাদেশের যুক্ত হওয়ার বিষয়ে চীনের সমর্থন চাওয়া হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের চারটি বৈশ্বিক উদ্যোগ রয়েছে— গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই), গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ (জিএসআই), গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ (জিসিআই) এবং গ্লোবাল গভর্নেন্স ইনিশিয়েটিভ (জিজিআই)। এই চার বৈশ্বিক উদ্যোগের মধ্যে অন্তত দুটি উদ্যোগে বাংলাদেশ কীভাবে যুক্ত হতে পারে, তা নিয়ে আলোচনা চলছে। সরকারের এক দায়িত্বশীল কূটনীতিক বলেন, “প্রধানমন্ত্রীর সফরে ‘বাংলাদেশ ফার্স্ট’— নতুন সরকারের এই স্বাধীন পররাষ্ট্রনীতিকে স্বাগত জানাবে চীন। আমরা ‘এক চীন নীতি’ এবং তাইওয়ান ইস্যুতে আমাদের চিরন্তন অবস্থান পুনর্ব্যক্ত করব।”

সাবেক রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বৈশ্বিক রাজনীতিতে চীনের ভূমিকা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেদিক থেকে আমাদের প্রধানমন্ত্রীর এই চীন সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের অর্থনীতির জন্য চীনের বিনিয়োগ, চীনের বিশাল বাজার এবং চীন থেকে আমদানির সাপ্লাই চেইন বজায় রাখা জরুরি। বৈশ্বিক রাজনীতিতে নানা সমীকরণ থাকবেই, তবে আমাদের সবার আগে নিজেদের জাতীয় স্বার্থ দেখতে হবে। সবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থ রক্ষায় চীনের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রয়োজন হলে আমাদের তা অবশ্যই করতে হবে।’ গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর আঞ্চলিক ভূরাজনীতি এবং ভারত-চীন প্রতিযোগিতার বাস্তবতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফরের গন্তব্য নির্ধারণে বিশেষ সতর্কতা অবলম্বন করেছে সরকার। ভারসাম্য বজায় রাখতে প্রথম গন্তব্য হিসেবে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়াকে বেছে নিয়েছেন তারেক রহমান, যার পরপরই তিনি যাচ্ছেন চীনে। এর আগে ৬ মে বেইজিংয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর একটি ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়, যার সফল বাস্তবায়ন হতে যাচ্ছে জুনের শেষ সপ্তাহে।


এ সম্পর্কিত আরো খবর