ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: আফটারশকে কাঁপছে সুলাওয়েসি


  • আপলোড সময় : মঙ্গলবার ১৬ জুন, ২০২৬ সময় : ৩:৩৮ পিএম

ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৬.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। স্থানীয় সময় আজ মঙ্গলবার (১৬ জুন) দেশটির মধ্য সুলাওয়েসি প্রদেশে এই তীব্র ভূকম্পন অনুভূত হয়। প্রধান ভূমিকম্পটির পর বেশ কয়েকটি শক্তিশালী আফটারশক বা অনুকম্পন রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি করেছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স-এর প্রতিবেদনে জানানো হয়, প্রথম ঝাঁকুনিটি মধ্য সুলাওয়েসি প্রদেশের রাজধানী পালু শহরে এক মিনিটেরও বেশি সময় ধরে তীব্রভাবে অনুভূত হয়। প্রায় ৪ লাখ মানুষের বসবাস এই পালু শহরে। হঠাৎ তীব্র কম্পনে ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন আতঙ্কিত মানুষ। ভূমিকম্পের আঘাতে শহরটির বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল পালু শহর থেকে প্রায় ৪৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে। ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূকম্পনটি উৎপত্তিলাভ করে। প্রধান এই ভূমিকম্পের পর ওই এলাকায় টানা বেশ কয়েকটি আফটারশক অনুভূত হয়। যার মধ্যে পরবর্তী সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর মাত্রা ছিল যথাক্রমে ৫.২, ৫.০ এবং ৪.৯। ঘন ঘন এই অনুকম্পনের কারণে স্থানীয়দের মনে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

ভৌগোলিক অবস্থানের কারণে ইন্দোনেশিয়া বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ একটি দেশ। অঞ্চলটি বেশ কয়েকটি সক্রিয় ভূকম্পন চ্যুতির (ফল্ট লাইন) ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এর ওপর অবস্থানের কারণে দেশটিতে প্রায়ই মাঝারি থেকে শক্তিশালী ভূমিকম্প হয় এবং আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতও এখানে একটি অত্যন্ত সাধারণ ঘটনা।

এর আগে, ২০২১ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার এই সুলাওয়েসি দ্বীপেরই মামুজু শহরের কাছে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। ৬.২ মাত্রার সেই ভয়াবহ ভূমিকম্পে অন্তত ১০০ জন মানুষ নিহত হন। সে সময় দফায় দফায় আফটারশকের ভয়ে এবং ঘরবাড়ি ভেঙে পড়ার আতঙ্কে হাজার হাজার মানুষ দিনের পর দিন খোলা আকাশের নিচে রাত কাটিয়েছিলেন।

তারও আগে, ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সুলাওয়েসি দ্বীপের এই পালু শহর এবং তার আশপাশের এলাকায় ৭.৫ মাত্রার একটি অত্যন্ত শক্তিশালী ও বিধ্বংসী ভূমিকম্প আঘাত হানে। সেই ভূমিকম্পের পরপরই সমুদ্র থেকে ধেয়ে আসে প্রায় ৩ মিটার উঁচু সুনামি। প্রলয়ঙ্কারী সেই ভূমিকম্প ও সুনামির তাণ্ডবে পালু এবং তার আশপাশের এলাকায় ৪ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছিলেন। মঙ্গলবারের এই ভূমিকম্পটি পুরোনো সেই ভয়াবহ স্মৃতিকে আবারও মনে করিয়ে দিয়েছে স্থানীয় বাসিন্দাদের। ঘটনার পর থেকে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধারকারী দল সতর্ক অবস্থানে রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর