ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

কঙ্গোর বিপক্ষে ব্যর্থ হলেও গুলিস্তান কাঁপাচ্ছেন রোনালদো-ভিতিনহারা


  • আপলোড সময় : শনিবার ২০ জুন, ২০২৬ সময় : ৪:৩৮ পিএম

ফুটবল বিশ্বকাপ মানেই লাতিন আমেরিকা ও ইউরোপের দলগুলোর মাঠের দাপট। তবে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বেশি আলোচনায় থাকে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি ও পর্তুগাল। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়, বিশ্বকাপ আসলেই এই চার দেশের পতাকা ও জার্সি বেশি দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হলো ব্রাজিল ও আর্জেন্টিনা। কিন্তু লাতিন আমেরিকার এই দুটি ঐতিহ্যবাহী দল ছাড়াও ২০২৬ ফুটবল বিশ্বকাপে বাংলাদেশে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ইউরোপের অন্যতম পরাশক্তি পর্তুগাল। বিগত আসরগুলোতে ফাইনালে খেলতে না পারলেও এবার ট্রফি জয়ের স্বপ্ন দেখছেন ভক্তরা। তাই মাঠের পারফরম্যান্স যা-ই হোক না কেন, দেশের জার্সি ও পতাকার মার্কেটে একাই আলো ছড়াচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও ভিতিনহারা। হাউস্টোনে নিজেদের প্রথম ম্যাচে তুলনামূলক দুর্বল ডিআর কঙ্গোর বিপক্ষে হতাশাজনক ড্র করলেও বাংলাদেশের রাজধানীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গুলিস্তান মার্কেটে চাহিদার শীর্ষে রয়েছে পর্তুগালের জার্সি ও পতাকা। গত শুক্রবার (১৯ জুন) ছুটির দিনে গুলিস্তান মার্কেট ঘুরে ফুটবলপ্রেমীদের এই উন্মাদনার চিত্র স্পষ্ট দেখা গেছে।

মার্কেটে জার্সির সঙ্গে সঙ্গে পর্তুগালের পতাকার চাহিদাও এখন তুঙ্গে। পর্তুগালের ৫ ফুট দৈর্ঘ্যের চায়না প্রিন্টের পতাকা বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকায় এবং দেশি কাপড়ের তৈরি পতাকা পাওয়া যাচ্ছে ১৫০ টাকায়। অন্য দেশের পতাকায় ক্রেতারা কিছুটা ছাড় পেলেও পর্তুগালের পতাকার ক্ষেত্রে অনড় অবস্থানে রয়েছেন বিক্রেতারা। সাব্বির আহমেদ নামের এক পর্তুগাল ভক্ত জানান, “ছুটির দিনে একটা পতাকা কেনার জন্য গুলিস্তানে এসেছিলাম। কিন্তু দোকানদাররা কোনো দাম কমাচ্ছে না। পর্তুগালের পতাকা ২০০ টাকার নিচে নামছেই না, একদম একদরে বিক্রি করছে।” পতাকা ব্যবসায়ী গফুর আহমেদ বলেন, “আগে ব্রাজিল-আর্জেন্টিনার চাহিদা বেশি ছিল। বর্তমানে পর্তুগালের পতাকা বেশি বিক্রি হচ্ছে। চায়না প্রিন্টের ৫ ফুটের পতাকা আমরা ২০০ টাকা ফিক্সড দামে বিক্রি করছি, এর চেয়ে বড়টা ৮০০ টাকা। এর চেয়ে কম রাখার কোনো সুযোগ নেই।”

অন্যদিকে গুলিস্তানের ফুটপাতেও রমরমা জার্সির বাজার। বিভিন্ন কোয়ালিটির ওপর ভিত্তি করে ১৫০ থেকে ৭০০ টাকা পর্যন্ত সাধারণ জার্সি বিক্রি হচ্ছে। তবে উন্নত মানের বা প্লেয়ার এডিশন কিনতে শোরুমের দোকানগুলোতে ভিড় জমাচ্ছেন ফুটবলপ্রেমীরা। একদরের দোকানগুলোতে পর্তুগালের প্লেয়ার এডিশন জার্সি বিক্রি হচ্ছে ১২০০ টাকায়, যেখানে দামদরের সুযোগ থাকা দোকানে দাম চাওয়া হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকা। ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন, ইংল্যান্ড বা মরক্কোর জার্সি দোকানে থাকলেও পর্তুগালের জার্সি নেই বেশ কয়েকটি দোকানে। তরুণ ব্যবসায়ী রবিন বলেন, “আমাদের এখানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে পর্তুগালের জার্সি, তাই স্টক শেষ। প্লেয়ার এডিশন জার্সিগুলো দেশের বাইরে থেকে আসে, আমরা অর্ডার করেছি, কাল-পরশু আবার পাওয়া যাবে।”

ভক্তদের এই জোয়ার দেখে বোঝা যায় পর্তুগালকে নিয়ে এখনও দারুণ আশাবাদী বাংলাদেশিরা। ভক্তদের বিশ্বাস, প্রথম ম্যাচে পয়েন্ট হারালেও পরের দুই ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে রোনালদোরা। ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বসেরা মিডফিল্ড ও রোনালদোর মতো কিংবদন্তি ফরোয়ার্ডকে নিয়ে গড়া এই দল এবারের বিশ্বকাপের যোগ্য দাবিদার। তবে কঙ্গোর বিপক্ষে বাজে শুরুর পর হিসাব কিছুটা এলোমেলো হয়েছে। ইতিহাসে মাত্র দুইবার পর্তুগাল সেমিফাইনালে পৌঁছাতে পেরেছিল। ১৯৬৬ সালের বিশ্বকাপে কিংবদন্তি ইউসেবিওর হাত ধরে প্রথমবার অংশ নিয়েই তারা তৃতীয় স্থান অর্জন করে, যা তাদের সর্বোচ্চ সাফল্য। পরবর্তীতে ২০০৬ সালে লুইস ফিগো ও তরুণ ক্রিস্টিয়ানো রোনালদোর সোনালী প্রজন্ম দলকে সেমিফাইনালে তুলে চতুর্থ স্থানে আসর শেষ করেছিল। এছাড়া ২০২২ বিশ্বকাপে দলটি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল। ভক্তরা চান এবার অতীতের সব রেকর্ড ভেঙে ফাইনালে উঠুক পর্তুগাল।


এ সম্পর্কিত আরো খবর