ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : রবিবার ২১ জুন, ২০২৬ সময় : ৪:০৬ পিএম

বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন তারেক রহমান। আজ রোববার (২১ জুন) দুপুর পৌনে ৩টায় প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাত্রা করে। সরকারের অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এটি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই দিনের সফর। এই রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। অতিরিক্ত প্রেস সচিব জানান, সফরকালে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈশ্বিক উন্নয়ন, সরাসরি বিদেশি বিনিয়োগ আকর্ষণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়গুলো সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

এর আগে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আনুষ্ঠানিক বিদায় জানান এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী। এছাড়া বিদেশি কূটনীতিকদের মধ্যে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমান এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনসহ সরকারের ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে গত ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করে বিএনপি। ক্ষমতা গ্রহণের চার মাস পর এটিই প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

প্রধানমন্ত্রীর এই উচ্চপর্যায়ের প্রতিনিধিদলে সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন— পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্‌দী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা এ কে এম শামসুল ইসলাম এবং জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম জানান, সফরের প্রথম দিন রোববার প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় বর্ণাঢ্য আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। সফরের দ্বিতীয় দিন পুত্রাজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুই দেশের সরকারপ্রধানের মধ্যে একটি একান্ত বৈঠক অনুষ্ঠিত হবে। এর পরপরই উভয় দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠক হওয়ার কথা রয়েছে।

সচিবের তথ্যমতে, এই সফরে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, জ্বালানি খাতে পারস্পরিক সহযোগিতা, হালাল অর্থনীতি, মালয়েশিয়ায় নতুন কর্মী প্রেরণ, সেমিকন্ডাক্টর শিল্প, কৃষি, শিক্ষা এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলো আলোচনায় স্থান পাবে। বিশেষ করে, মালয়েশিয়ার বিভিন্ন সম্ভাবনাময় খাতে নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের অনুরোধ এবং সেখানে অবস্থানরত প্রবাসীদের কল্যাণের বিষয়টি জোরালোভাবে তুলে ধরা হবে। পাশাপাশি আসিয়ানের ‘ডায়ালগ পার্টনার’ এবং রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসেপ)-এ বাংলাদেশের যোগদানের আবেদনে মালয়েশিয়ার পূর্ণ সমর্থন চাওয়া হবে।

মালয়েশিয়ার সফর শেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানের উদ্দেশ্যে রওনা হবেন। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ২২ জুন দুপুরে কুয়ালালামপুর থেকে রওনা হয়ে ওইদিনই সন্ধ্যায় তিনি চীনে পৌঁছাবেন। এরপর ২৬ জুন চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের এক দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সফর শেষে সেদিন বিকেলেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশ্যে তাঁর রওনা দেওয়ার কথা রয়েছে।


এ সম্পর্কিত আরো খবর