চলতি ২০২৬ ফিফা বিশ্বকাপে মাত্র দুটি ম্যাচ খেলেই ফুটবল ইতিহাসের রেকর্ডবুক ওলট-পালট করে দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। বিশ্বমঞ্চে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের এই অবিশ্বাস্য শুরুর নায়ককে নিয়ে এবার একেবারে খাঁটি বাংলায় বিশেষ পোস্ট দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা ফিফা। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি কোটি বাঙালি ফুটবল ভক্তকে চমকে দিয়ে ফিফা মেতে উঠেছে এলএমটেনের বন্দনায়।
গতকালের ম্যাচে লিওনেল মেসির চোখ ধাঁধানো জোড়া গোলে অস্ট্রিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা। এর আগে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে এই ফুটবল জাদুকরের দুর্দান্ত হ্যাটট্রিকে ৩-০ গোলের বড় জয় পেয়েছিল আলবিসেলেস্তেরা। সব মিলিয়ে চলতি বিশ্বকাপে মাত্র দুই ম্যাচ খেলেই নিজের নামের পাশে ৫টি গোল যোগ করেছেন মেসি, যার ওপর ভর করে আর্জেন্টিনা টুর্নামেন্টে দারুণ দাপট দেখাচ্ছে।
রেকর্ডের পাতায় চোখ রাখলে দেখা যায়, আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করার মধ্য দিয়ে জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজার সঙ্গে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনে বসেছিলেন মেসি। তবে গতকাল অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করার পর সবাইকে ছাড়িয়ে এককভাবে সেই সিংহাসনে আরোহণ করেছেন এই আর্জেন্টাইন অধিনায়ক। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত আর্জেন্টিনার করা ৫টি গোলের সবকটিই এসেছে মেসির পা থেকে, যা তাঁর একক আধিপত্যকে প্রমাণ করে। শেষ দুটি বিশ্বকাপ মিলিয়ে মাত্র ৯ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২টি। আর সব মিলিয়ে বিশ্বকাপের ইতিহাসে ২৮ ম্যাচে ১৮টি গোল এবং ১৮টি জয় নিয়ে একাধিক বিশ্বরেকর্ড এখন শুধুই মেসির দখলে।
মেসিকে সম্মান জানিয়ে ফিফার অফিসিয়াল পেজে পোস্ট করা একটি ছবিতে বড় করে লেখা ছিল ‘১৮’, যা মূলত বিশ্বকাপে তাঁর ১৮টি গোলকে নির্দেশ করছে। চমকপ্রদ বিষয় হলো, সেই ছবির ওপরেই বাংলায় লেখা ছিল—‘কী জাদু করিয়া মেসি মায়া লাগাইছে’। ছবির ক্যাপশনে ফিফা রসিকতা করে লিখেছে, ‘মেসি রেকর্ডকেও ড্রিবল করে গেলেন!’
বর্তমানে ‘জে’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। ২ ম্যাচে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ইতিমধ্যেই টুর্নামেন্টের নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী রোববার জর্ডানের মুখোমুখি হবে মেসির দল।