বিশ্বকাপ ফুটবলের মঞ্চে মাত্র পাঁচ লাখ জনসংখ্যার এক পুঁচকে দেশ যা করে দেখাল, তা এক কথায় অবিশ্বাস্য রূপকথা। নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে এসেই বিশ্বকে তাক লাগিয়ে নকআউট পর্বের টিকিট কেটেছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের চমকে দেওয়ার পর এবার তারা রুখে দিল সৌদি আরবকে। 'এইচ' গ্রুপের রানার্সআপ হিসেবে শেষ ৩২-এর টিকিট নিশ্চিত করেছে পশ্চিম আফ্রিকা উপকূলের এই দ্বীপ দেশটি, যেখানে তাদের জন্য অপেক্ষা করছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ম্যাচে নামার আগে সমীকরণটি কেপ ভার্দের জন্য বেশ পরিষ্কার ছিল। অন্য ম্যাচে উরুগুয়ে যদি স্পেনের কাছে হেরে যায়, তবে সৌদি আরবের বিপক্ষে কেবল একটি ড্র করলেই ইতিহাস গড়বে তারা। শেষ পর্যন্ত মাঠের নাটকে ঠিক তেমনটাই ঘটেছে। উরুগুয়ে স্পেনের কাছে ১-০ ব্যবধানে পরাজিত হওয়ায় এবং কেপ ভার্দে ও সৌদি আরবের মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় তৈরি হলো নতুন এক ইতিহাস। পুরো ম্যাচে অবশ্য গোলের সিংহভাগ সুযোগ তৈরি করেছিল কেপ ভার্দেই, যদিও প্রথমার্ধে ফরোয়ার্ডদের ব্যর্থতায় জালের দেখা মেলেনি।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারাবাহিকতা বজায় রাখে নবাগত দলটি। ম্যাচের ৭৫ মিনিটে লারোস দুয়ার্তে একক প্রচেষ্টায় বল নিয়ে ডি-বক্সে ঢুকে দারুণ এক শট নেন, কিন্তু সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস অবিশ্বাস্য দক্ষতায় তা রুখে দিয়ে সৌদির নিশ্চিত পরাজয় এড়ান। শেষ পর্যন্ত গোলশূন্য সমতা নিয়েই মাঠ ছাড়ে দুই দল। আর এই ড্রয়ের মাধ্যমে বিশ্বকাপে অভিষেকেই গ্রুপ পর্বে অপরাজিত থাকা তৃতীয় আফ্রিকান দল হিসেবে রেকর্ড বইয়ে নাম লেখাল কেপ ভার্দে। তিন ম্যাচে তিন পয়েন্ট নিয়ে তারা উরুগুয়ে এবং ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের চেয়ে এক পয়েন্ট এগিয়ে থেকে পরের রাউন্ডে পা রাখল।