ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার: রাজনৈতিক বিরোধের দাবিকে পুলিশের ‘গুজব’ আখ্যা


  • আপলোড সময় : রবিবার ২৮ জুন, ২০২৬ সময় : ৯:১০ এএম

ঢাকার তুরাগ নদ থেকে গত দুই দিনে মোট তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়ার পর তাঁর রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি ও বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়েছে, তুরাগ নদে ৭ জন নেতা-কর্মীর লাশ ভাসার যে দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত গুজব।

নিহতদের একজন ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকার বাসিন্দা মো. সুমন (১৭)। গত ২২ জুন বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। পরে গত শুক্রবার তুরাগ নদ থেকে তাঁর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে আশুলিয়া থানা-পুলিশ। রানাভোলা এলাকায় সুমনের ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, সন্তানকে হারিয়ে বাক্‌রুদ্ধ বাবা মো. শাহ আলম ও মা-বোন। সুমন ২২ তারিখ থেকে নিখোঁজ ছিল কি না—এমন প্রশ্নে তাঁরা কোনো উত্তর দেননি। স্বজনরা জানান, সন্তান হারানোর তীব্র মানসিক যন্ত্রণা এড়াতে সুমনের মোবাইল ভেঙে ফেলা হয়েছে এবং বাসায় থাকা তাঁর সব ছবি ছিঁড়ে ও ডিলিট করে ফেলা হয়েছে।

প্রতিবেশীরা জানান, সুমন কামারপাড়া আড়তে কাঁচামালের ব্যবসা করত। সুমনের একটি ফেসবুক আইডি পর্যালোচনা করে দেখা যায়, নিখোঁজ হওয়ার ৬ দিন আগে সে সর্বশেষ আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি শোভাযাত্রার ভিডিও আপলোড করেছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, ২৫ জুন দিবাগত রাতে আশুলিয়া বাজারের পাশে তুরাগ নদের চক থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় ভাই এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করেছেন। পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, ২২ জুন পিকনিকের কথা বলে সুমন বাসা থেকে বের হয়েছিল। সে সাঁতার জানত না এবং নদে পড়েই তার মৃত্যু হয়েছে।

সুমনের লাশ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হয় যে, তুরাগ থানা এলাকায় আওয়ামী লীগের মিছিলে হামলার পর থেকে ৭ জন নেতা-কর্মী নিখোঁজ এবং ৩-৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে পুলিশ সদর দপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই দাবিকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন ও গুজব’ বলে আখ্যায়িত করেছে এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে। গাজীপুর মহানগর পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও জানানো হয়, এই মিথ্যা তথ্য ছড়ানোর সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, ২৪ ও ২৫ জুন তুরাগ নদ থেকে সুমনসহ মোট তিনজনের লাশ উদ্ধার করা হয়। অন্য দুজন হলেন—রানাভোলা এলাকার আরিফ হাসান রাকিব এবং মনিপুর মোল্লাপাড়ার রনি মোল্লা। দারুস সালাম থানার ওসি মো. দুলাল হোসেন জানান, গত বুধবার নৌ পুলিশ তুরাগ নদ থেকে আরিফ হাসান রাকিবের মরদেহ উদ্ধার করে। আরিফের চাচা মো. আরশাদুল ইসলাম জানান, আরিফ সাঁতার ভালো জানত না এবং সে যে রাজনীতি করত, তা মৃত্যুর আগে পরিবার জানত না।

অন্যদিকে, আমিনবাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান, ২৪ জুন দুপুরে দিয়াবাড়ি ঘাটে গোসলের সময় রনি মোল্লা (৩৫) নামের এক যুবক ডুবে মারা যান। সাভার মডেল থানায় এ নিয়ে অপমৃত্যুর মামলা হয়েছে। রনির বাবা কফিল উদ্দিন মোল্লা জানান, রনি উত্তরার একটি হোটেলে কাজ করতেন এবং তাঁর কিছুটা মানসিক সমস্যা ছিল। তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন না। তুরাগ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ২২ জুনের পর তুরাগ নদের আশুলিয়া অংশ থেকে একটি লাশ উদ্ধার ছাড়া অন্য কোনো বড় অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


এ সম্পর্কিত আরো খবর