বুধবার যুক্তরাষ্ট্রের সিয়াটলে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমার্ধে দাপট ছিল সেনেগালের। দ্বিতীয়ার্ধের ৪০তম মিনিট পর্যন্ত তারা ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের স্বপ্ন দেখছিল। কিন্তু শেষ মুহূর্তে ছন্দপতন ঘটে। মাত্র তিন মিনিটের ব্যবধানে বেলজিয়াম দুটি গোল করে সমতায় ফেরে এবং পরে অতিরিক্ত সময়ের পেনাল্টি থেকে জয় নিশ্চিত করে। ১২৪ মিনিটে পাওয়া ওই পেনাল্টি গোলটিই সেনেগালের কফিনে শেষ পেরেক ঠুকে দেয়।
ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় অত্যন্ত ব্যথিত কোচ থিয়াও বলেন, ‘এটি খুবই নিষ্ঠুর পরাজয়। আমরা ভালো খেলছিলাম, দুই গোলে এগিয়েও ছিলাম। কিন্তু ফুটবল তো আর ৮৫ মিনিটের খেলা নয়। আমরা পুরো ম্যাচেই লড়াই করেছি।’
পেনাল্টি বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি সেনেগালের এই কোচ। তিনি বলেন, ‘রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। আমরা টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছি, এটা সত্যিই খুব কষ্টের। বেলজিয়ামকে শেষ ষোলোতে ওঠার জন্য অভিনন্দন জানাই।’
থিয়াও আরও বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আমরা ২-০ গোলের লিড ধরে রাখতে পারিনি। প্রতিপক্ষ দ্বিতীয়ার্ধে দারুণভাবে ফিরে এসেছে, যা সামলানো সহজ ছিল না। ফুটবলে এমনটাই ঘটে। এখন আমাদের সামনে তাকাতে হবে।’