বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ লড়াইয়ে আগামী সোমবার মেক্সিকোর মুখোমুখি হবে ইংল্যান্ড। বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হলেও ইংল্যান্ডের স্থানীয় সময় তখন রাত ১টা। ফলে ম্যাচটি শেষ হতে হতে গভীর রাত হয়ে যাবে এবং পরদিন সকালেই খুদে শিক্ষার্থীদের স্কুলে যেতে হবে। এই বাস্তবতা মাথায় রেখে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল শিশুদের অভিভাবকদের উদ্দেশে দিয়েছেন এক মজার পরামর্শ। তিনি বলেছেন, প্রয়োজনে স্কুলে ছুটির আবেদনপত্র লিখে দিন, তবুও সন্তানদের এই ঐতিহাসিক ম্যাচটি দেখার সুযোগ করে দিন।
কঙ্গো ম্যাচের পর সংবাদ সম্মেলনে হাসতে হাসতে টুখেল বলেন, “স্কুলের জন্য একটা ছুটির আবেদন লিখে দিন, তবুও বাচ্চাদের ফুটবলটা দেখতে দিন। ওদের তো সারা জীবনই স্কুলে যেতে হবে, কিন্তু বিশ্বকাপ আসে মাত্র চার বছর পরপর। ওদের এই মুহূর্তটা উপভোগ করতে দিন। সামনে আমাদের খুব বড় একটা ম্যাচ। সেখানে সবার সমর্থন দরকার, বিশেষ করে শিশুদের।”
ইংল্যান্ড তাদের শেষ আটের লড়াইয়ে মেক্সিকোর ঐতিহাসিক ‘এস্তাদিও আজতেকা’ স্টেডিয়ামে খেলতে নামবে। এই ভেন্যুটি সমুদ্রপৃষ্ঠ থেকে দুই হাজার মিটারেরও বেশি উচ্চতায় অবস্থিত, যা বিদেশি দলগুলোর জন্য দীর্ঘকাল ধরেই এক বড় চ্যালেঞ্জ হিসেবে পরিচিত। টুখেলও অকপটে স্বীকার করেছেন যে, মাত্র চার দিনের মধ্যে এমন উচ্চতার সঙ্গে শারীরিকভাবে খাপ খাইয়ে নেওয়া সহজ নয়।
তিনি বলেন, “আজতেকায় মেক্সিকোর বিপক্ষে খেলাটা আমাদের জন্য অবশ্যই বড় চ্যালেঞ্জ। এত অল্প সময়ে শারীরিকভাবে এর সঙ্গে পুরোপুরি মানিয়ে নেওয়া সম্ভব নয়। কিন্তু আমরা প্রস্তুত, পরিস্থিতি যেমনই হোক, লড়াইয়ের জন্য আমরা মাঠে নামব।”
টুখেলের এমন মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। একজন কোচের কাছ থেকে ফুটবলের প্রতি এমন আবেগ ও শিশুদের উপভোগ করার সুযোগ করে দেওয়ার আহ্বানকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। এখন দেখার বিষয়, টুখেলের এই আহ্বানে সাড়া দিয়ে খুদে সমর্থকরা রাত জেগে ইংল্যান্ডের জয় দেখে কি না এবং মেক্সিকোর উচ্চতার চ্যালেঞ্জ জয় করে থ্রি লায়ন্সরা কোয়ার্টার ফাইনালের বাধা টপকাতে পারে কি না।