ক্রীড়া
প্রতিবেদক
বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে নবাগত দল কেপ ভার্দের বিরুদ্ধে লড়তে গিয়ে চরম এক অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। মাঠের লড়াইয়ে দু-দুবার এগিয়ে গিয়েও নির্ধারিত ৯০ মিনিটে জয় তুলে নিতে পারেনি আলবিসেলেস্তেরা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের নাটকীয়তা আর প্রতিপক্ষের একটি আত্মঘাতী গোলের কল্যাণে ৩-২ ব্যবধানের এক রুদ্ধশ্বাস জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে লিওনেল স্কালোনির দল। মায়ামির হার্ড রক স্টেডিয়ামের মাঠ ছাড়ার সময় অধিনায়ক লিওনেল মেসির চোখে-মুখে যেমন স্বস্তির নিঃশ্বাস ছিল, ঠিক তেমনি দলের পারফরম্যান্স নিয়ে একরাশ চিন্তার ছাপও লক্ষ্য করা গেছে। ম্যাচ শেষে ফুটবল জাদুকর প্রতিপক্ষের লড়াকু ফুটবলের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি নিজেদের ফুটবলীয় ঘাটতি ও ভুলগুলো দ্রুত শুধরে নেওয়ার কড়া তাগিদ দিয়েছেন।
কেপ ভার্দে যে বিশ্বমঞ্চে কতটা দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছে, তা মেসির ম্যাচ পরবর্তী বিশ্লেষণেই স্পষ্ট ফুটে উঠেছে। তিনি বলেন, আমরা ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই জানতাম যে লড়াইটা অত্যন্ত কঠিন হতে যাচ্ছে। এই দলটি যে কতটা শক্তিশালী, তা তাদের সাম্প্রতিক পারফরম্যান্সই বলে দেয়। গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে এই দলটি তো আর এমনি এমনি অপরাজিত থাকেনি। ম্যাচে আমাদের জন্য সবচেয়ে কঠিন কাজ ছিল প্রথম গোলটি করা এবং আমরা প্রথমার্ধে সেটি করতে পেরেছিলাম। আর্জেন্টাইন অধিনায়ক আরও বলেন, আমি ভেবেছিলাম প্রথম গোলটি পাওয়ার পর আমরা আমাদের চেনা ছন্দময় ফুটবল খুঁজে পাব এবং কিছুটা চাপমুক্ত হয়ে ম্যাচটি নিয়ন্ত্রণ করতে পারব। কিন্তু মাঠে ঘটেছে ঠিক তার উল্টো চিত্র।
নিজের দলের দুর্বলতা নিয়ে খোলামেলা সমালোচনা করে মেসি বলেন, লিড নেওয়ার পর আমরা অদ্ভুতভাবে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে পড়ি এবং প্রতিপক্ষের ওপর ঠিকঠাক চাপ সৃষ্টি করতে ব্যর্থ হই। ফলে কেপ ভার্দে নিজেদের শক্তির জায়গায় খেলে গোলটি শোধ করে দেয়। আমাদের মনে রাখতে হবে এটি বিশ্বকাপের নকআউট পর্ব, এখানে কেউ কাউকে বিন্দুমাত্র ছাড় বা ফ্রি-তে কোনো কিছু দেবে না। এবারের পুরো বিশ্বকাপ আসরই এমন সমতার, যেখানে দলগুলোর মধ্যে শক্তির ব্যবধান খুবই কম, সবকিছু অনেক জটিল এবং প্রতিটি ম্যাচই কঠিন হতে যাচ্ছে। আগামী মঙ্গলবার মিশরের বিরুদ্ধে মাঠে নামার আগে নিজেদের খেলার ধরন নিয়ে মেসি সরাসরি বলেন, পরের রাউন্ডে ওঠা ছাড়াও ম্যাচে কিছু ইতিবাচক দিক ছিল, কারণ আমরা মাঠে ভালো কিছু কাজ করেছি। তবে এর পাশাপাশি আমাদের দলের বড় ঘাটতি বা ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে, যা আমার মনে হয় আজ মাঠে অনেক বেশি ছিল।
ম্যাচে দুর্দান্ত একটি গোল করা মেসি দলের কৌশলগত ত্রুটি ব্যাখ্যা করে বলেন, আমরা প্রতিপক্ষের ওপর ঠিকঠাক প্রেসিং করতে পারিনি এবং আমাদের রক্ষণভাগের সঙ্গে মাঝমাঠের দূরত্ব কিছুটা বেশি ছিল। কেপ ভার্দের ফুটবলারদের শারীরিক গতি ও শক্তির সঙ্গে আমাদের খেলোয়াড়েরা পাল্লা দিয়ে পেরে না ওঠায় সব সময় মাঠের ভেতর ওদের একজন করে বাড়তি খেলোয়াড় ফাঁকা জায়গায় বল পেয়ে গেছে। এ কারণেই ওরা বলের নিয়ন্ত্রণ ধরে রেখে আমাদের পুরো মাঠ জুড়ে খাটিয়েছে ও দৌড় করিয়েছে। কেপ ভার্দের পিকো লোপেসদের বিরুদ্ধে কষ্টের জয়ের রাতে মেসি অবশ্য ব্যক্তিগত এক অনন্য কীর্তি গড়েছেন। চলতি বিশ্বকাপে এ নিয়ে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ৭-এ, যা এখন পর্যন্ত আসরের সর্বোচ্চ। এই গোলের মাধ্যমে ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে দুটি আলাদা বিশ্বকাপে ন্যূনতম ৭টি করে গোল করার অলৌকিক বিশ্বরেকর্ড গড়লেন এই কিংবদন্তি। একই সাথে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ২০ গোলের মাইলফলক স্পর্শ করার পাশাপাশি বিশ্বকাপের সবকটি রাউন্ডেই গোল করার এক অনন্য নজির স্থাপন করলেন রোজারিওর এই মহাতারকা।
আকাশজমিন/ আরআর