ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ


  • আপলোড সময় : রবিবার ০৫ জুলাই, ২০২৬ সময় : ৬:০৩ পিএম

পরিবেশ রক্ষায় কার্বন নিঃসরণ কমিয়ে দেশের কার্বন ক্রেডিট বাড়ানোর সম্ভাবনা যাচাই এবং এ বিষয়ে দ্রুত কর্মপরিকল্পনা ঠিক করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (৫ জুলাই) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনবিষয়ক এক উচ্চপর্যায়ের সভায় তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি হাসান শিপলু গণমাধ্যমকে জানান, সভায় প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, শিল্প খাতে পরিবেশবান্ধব প্রযুক্তির প্রয়োগ, জ্বালানি দক্ষতা উন্নয়ন, বন সংরক্ষণ এবং দেশজুড়ে ব্যাপক বৃক্ষরোপণের মাধ্যমে কার্বন শোষণ বাড়ানোর ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আন্তর্জাতিক কার্বন বাজারে বাংলাদেশের সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে একটি বাস্তবসম্মত ও কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রী তার নির্দেশনায় কার্বন ক্রেডিট ব্যবস্থাপনায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করা, একটি নির্ভরযোগ্য ও আধুনিক তথ্যভান্ডার (ডাটাবেজ) গড়ে তোলা এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে বৈশ্বিক সমন্বয় বাড়ানোর জোর তাগিদ দেন। এছাড়া কার্বন ক্রেডিট অর্জনের লক্ষ্যমাত্রা পূরণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কাজের গতিশীলতা ও সমন্বয় বাড়াতে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠনের নির্দেশও দেন সরকারপ্রধান।

সভায় উপস্থিত মন্ত্রী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, কার্বন নিঃসরণ কমাতে দেশীয় ও আন্তর্জাতিক স্তরে কার্যকর পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বাংলাদেশের কার্বন ক্রেডিট অর্জনের সুযোগ বহুগুণ বাড়বে।

উল্লেখ্য, কার্বন ক্রেডিট হলো পরিবেশ সুরক্ষার একটি আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা। বায়ুমণ্ডলে এক টন কার্বন ডাই-অক্সাইড বা সমপরিমাণ গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমানো বা অপসারণের বিপরীতে একটি কার্বন ক্রেডিট দেওয়া হয়। অন্যদিকে, কার্বন ট্রেডিং হলো গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ নিয়ন্ত্রণে একটি আন্তর্জাতিক বাজারভিত্তিক ব্যবস্থা। এতে সরকার বা আন্তর্জাতিক সংস্থা কোনো দেশ, প্রতিষ্ঠান বা কোম্পানির জন্য নির্দিষ্ট পরিমাণ কার্বন নিঃসরণের সীমা (ক্যাপ) নির্ধারণ করে দেয়। কোনো পক্ষ নির্ধারিত সীমার বেশি কার্বন নিঃসরণ করলে তাকে আন্তর্জাতিক বাজার থেকে কার্বন ক্রেডিট কিনে সেই ঘাটতি পূরণ করতে হয়। বিপরীতে, যেসব দেশ বা প্রতিষ্ঠান বনায়ন, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার, জ্বালানি দক্ষতা বৃদ্ধি কিংবা পরিচ্ছন্ন প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কার্বন নিঃসরণ কমায় বা বায়ুমণ্ডল থেকে কার্বন শোষণ করে, তারা কার্বন ক্রেডিট অর্জন করে। পরে এই অর্জিত ক্রেডিটগুলো অতিরিক্ত কার্বন নিঃসরণকারী দেশ বা শিল্পোন্নত প্রতিষ্ঠানের কাছে চড়া মূল্যে বিক্রি করা যায়।

গুরুত্বপূর্ণ এই সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম; প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা মাহদী আমিন; প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার; পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও অন্যান্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ সম্পর্কিত আরো খবর