বিশ্বকাপের গ্রুপ পর্বের বাধা সহজে পার হলেও রাউন্ড অব ৩২-এর ম্যাচে এসে রীতিমতো কঠিন পরীক্ষার মুখে পড়তে হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে। নবাগত দল কেপভার্দের বিপক্ষে জয় পেতে আলবেসিলেস্তদের লড়তে হয়েছে অতিরিক্ত সময় পর্যন্ত। ম্যাচের দুই-দুইবার এগিয়ে গিয়েও আফ্রিকার ছোট্ট এই দেশটির লড়াকু ফুটবলের কাছে সমতায় ফিরতে হয়েছিল তাদের। সেই কঠিন ও ক্লান্তিকর লড়াইয়ের ধকল কাটিয়ে ওঠার আগেই ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রথম মাঠের অনুশীলনে হানা দেয় বেরসিক বৃষ্টি। তবে বৃষ্টি-বাধায় দমে না গিয়ে ইনডোর জিম সেশনেই ঘাম ঝরিয়ে পরবর্তী লড়াইয়ের জন্য শক্তি সঞ্চয় করে নিচ্ছেন লিওনেল স্কালোনির শিষ্যরা।
গতকাল শনিবার আর্জেন্টিনার অফিশিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, মাঠের অনুশীলন বাতিল হলেও নিজেদের গুটিয়ে না রেখে জিমেই বিশেষ শারীরিক কসরতে ব্যস্ত সময় পার করছেন আলবেসিলেস্তরা। দলের প্রাণভোমরা ও অধিনায়ক লিওনেল মেসিকে বিশেষ গুরুত্ব দিয়ে শারীরিক কসরত করতে দেখা গেছে সেই ভিডিওতে। এছাড়া হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্তিনেজ, এমিলিয়ানো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে এবং তরুণ তুর্কি নিকো পাজেরাও জিমে কঠোর পরিশ্রম করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা সেই ভিডিওর ক্যাপশনে লেখা ছিল—‘বৃষ্টিও আমাদের থামাতে পারবে না’। এরপর খেলোয়াড়দের বেশ কয়েকটি ছবি পোস্ট করে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) ক্যাপশন দেয়—‘কঠিন লড়াইয়ের পর শক্তি সঞ্চয়’।
আগামী ৭ জুলাই বাংলাদেশ সময় রাত ১০টায় বিশ্বকাপের হাইভোল্টেজ রাউন্ড অব ১৬ বা শেষ ষোলোর ম্যাচে মিসরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচটিকে ফুটবল বিশ্ব দেখছে ‘আর্জেন্টাইন মেসি’ বনাম ‘ইজিপসিয়ান মেসি’র দ্বৈরথ হিসেবে। মিসরের মহাতারকা মোহাম্মদ সালাহকে ফুটবলপ্রেমীরা ভালোবেসে ইজিপসিয়ান মেসি বলে ডাকেন। মাঠের লড়াইয়ে নামার আগে আর্জেন্টিনার অফিশিয়াল পোস্টের ক্যাপশনগুলোই বলে দিচ্ছে, মিসরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইটি কতটা জমজমাট ও উত্তেজনাকর হতে যাচ্ছে। আর সে কারণেই কেপভার্দে ম্যাচের ক্লান্তি ভুলে নতুন শক্তিতে বলীয়ান হয়ে মাঠে নামার জন্য মুখিয়ে আছে স্কালোনির দল।