ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

স্পেন ম্যাচের আগে অবসর ও গোল নিয়ে মুখ খুললেন রোনালদো


  • আপলোড সময় : সোমবার ০৬ জুলাই, ২০২৬ সময় : ৬:০৯ পিএম

স্পোর্টস ডেস্ক

যৌথভাবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। দীর্ঘদিন ধরেই আলোচনা ছিল, ২০২৬ বিশ্বকাপই কি হবে তার শেষ বিশ্বকাপ? অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে নিজেই জানিয়ে দিলেন, এটাই তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ আসর। একইসঙ্গে চলতি আসরে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইনের তুলনায় কম গোল করা নিয়েও খোলামেলা মন্তব্য করেছেন তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোতে পর্তুগালের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম শিরোপাপ্রত্যাশী স্পেন। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে রোনালদো বলেন, ‘আমার শেষ বিশ্বকাপটি আমি পুরোপুরি উপভোগ করতে চাই। আশা করি আগামীকালের ম্যাচটি আমার শেষ ম্যাচ হবে না। তাহলে আপনারা আমাকে নিয়ে আরও কিছুদিন সমালোচনা করতে পারবেন।’

আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ ১৪৬ গোলের মালিক রোনালদো এর আগেও অবসরের ইঙ্গিত দিয়েছিলেন। গত বছরের শেষদিকে এক টেলিভিশন সাক্ষাৎকারেও তিনি বলেছিলেন, ক্যারিয়ারের শেষ অধ্যায় উপভোগ করতে চান। এবারও ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে সরাসরি অবসরের প্রসঙ্গ টেনে না এনে দার্শনিক ভঙ্গিতে নিজের অনুভূতির কথা তুলে ধরেন।

রোনালদো বলেন, ‘আমার আর কিছু পাওয়ার বাকি নেই। সৃষ্টিকর্তা আমার প্রতি অত্যন্ত উদার ছিলেন। আমি যা কখনও কল্পনাও করিনি, তার সবই দিয়েছেন, বিশেষ করে জাতীয় দলের হয়ে। ব্যক্তিগত জীবনেও তাই। এখন প্রতিটি মুহূর্ত উপভোগ করাই আমার লক্ষ্য। আমি বিশ্বকাপ জিতি বা না জিতি, তাতে আমি বেশি বা কম ক্রিশ্চিয়ানো হয়ে যাব না। অবশ্যই আমাদের সবারই স্বপ্ন আছে, আমারও আছে। আমরা জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করব। কিন্তু আমরা জানি, শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হবে মাত্র একটি দল।’


৪১ বছর বয়সেও দুর্দান্ত ফিটনেস ধরে রাখা রোনালদোকে ঘিরে এখনো আলোচনার কমতি নেই। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার পারফরম্যান্স ও নিবেদন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। এসব প্রসঙ্গে তিনি বলেন, ‘ক্যারিয়ারজুড়ে আমি বয়সের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শিখেছি। আমি জানি, আমি আর আগের সেই খেলোয়াড় নই। কিন্তু আমি এখনও গোল করতে পারি, সেটি পরিষ্কার। আশা করি আগামীকালও গোল করতে পারব। যদি না-ও পারি, তাহলে আশা করি আমার দলের অন্য কেউ সেটা করবে।’

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত তিনটি গোল করেছেন পর্তুগিজ অধিনায়ক। অন্যদিকে লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে, আর্লিং হালান্ড ও হ্যারি কেইন গোলের দৌড়ে এগিয়ে থাকায় গোল্ডেন বুট জয়ের সম্ভাবনা কঠিন হয়ে পড়েছে রোনালদোর জন্য। নকআউট পর্বে এক ম্যাচে হারলেই বিদায় হওয়ায় সামনে ভুলের সুযোগও নেই।

বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ ২০ গোলের রেকর্ডধারী এবং চলতি আসরে যৌথভাবে সর্বোচ্চ সাত গোল করা লিওনেল মেসির সঙ্গে তুলনা নিয়েও বিনয়ী ছিলেন রোনালদো। তিনি বলেন, ‘আপনাদের কিছু ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমি খুব খারাপও করছি না, তাই না? আমি তিনটি গোল করেছি। অন্যরা হয়তো আরও বেশি গোল করেছে, কারণ তারা দুর্দান্ত খেলছে। তবে আমিও খুব খারাপ করছি না। আর আমাকে এগিয়ে যেতে হবে।’

বিশ্বকাপের মঞ্চে নিজের শেষ অভিযানে দলের সাফল্যই এখন সবচেয়ে বড় লক্ষ্য বলে জানিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। ব্যক্তিগত অর্জনের চেয়ে দলকে যতদূর সম্ভব এগিয়ে নেওয়াকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। স্পেনের বিপক্ষে কঠিন লড়াইয়ের আগে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের আত্মবিশ্বাসী বার্তা পর্তুগাল সমর্থকদের মধ্যেও নতুন আশার সঞ্চার করেছে।


এ সম্পর্কিত আরো খবর