আফ্রিকান ফুটবলের অন্যতম পরাশক্তি ও সাতবারের মহাদেশীয় চ্যাম্পিয়ন মিশর। চলমান ২০২৬ বিশ্বকাপে তারা অংশ নিয়েছে নিজেদের ইতিহাসের চতুর্থবারের মতো। গ্রুপ পর্বের বৈতরণী পার হওয়ার পর প্রথম নকআউট রাউন্ডের বাধাও অনায়াসে ডিঙিয়েছে ফারাওরা। তবে এবার তাদের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে সামনে এসে দাঁড়িয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফিফা র্যাঙ্কিংয়ের দিকে তাকালে দেখা যায়, ২৯ নম্বরে থাকা মিশরের চেয়ে শীর্ষে থাকা আর্জেন্টিনার অবস্থান অনেক উঁচুতে। দুই দলের শক্তিমত্তা ও ঐতিহ্যের মাঝে আকাশ-পাতাল তফাৎ থাকায় স্বাভাবিকভাবেই এই ম্যাচে ফেভারিট হিসেবে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। তবে মাঠের লড়াইয়ে বিশ্বচ্যাম্পিয়নদের চরম চাপে ফেলার প্রচ্ছন্ন আত্মবিশ্বাস রয়েছে মিশরের। বিশ্বকাপের শেষ ষোলোর মহারণে নামার আগে হুঙ্কার ছেড়েছেন দলটির কোচিং স্টাফের অন্যতম প্রভাবশালী সদস্য এবং প্রধান কোচ হোসাম হাসানের ভাই ইব্রাহিম হাসান। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের দল আর্জেন্টিনার কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে বিন্দুমাত্র বাড়তি চিন্তা বা ভয় পাচ্ছে না।
মিশরীয় জনপ্রিয় গণমাধ্যম 'সাদা আল বালাদ'-কে দেওয়া এক সাক্ষাৎকারে দলটির এই সহকারী কোচ নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেন। প্রতিপক্ষের সেরা তারকাকে নিয়ে অতিরিক্ত না ভাবার জন্য তারা খেলোয়াড়দের মানসিকভাবে তৈরি করেছেন। ইব্রাহিম হাসান বলেন, "আমরা মাঠের ভেতর আলাদা করে মেসিকে দেখি না। আমরা আমাদের ছেলেদের বলেছি, মাঠে নেমে প্রতিপক্ষের নামের দিকে মনোযোগ না দিয়ে নিজেদের চেনা ফুটবলটা মেলে ধরতে।"
মেসির মতো বিশ্বসেরা তারকার মুখোমুখি হওয়াকে অত্যন্ত স্বাভাবিক একটি ঘটনা হিসেবে দেখছেন তিনি। মিশরের এই সহকারী কোচ আরও যোগ করেন, "মেসির বিপক্ষে খেলা নিয়ে আমাদের আলাদা কোনো ভাবনা নেই। আমাদের পুরো মনোযোগ এখন মিশরীয় জাতীয় দলের শক্তির ওপর। আমরা প্রতিটি ম্যাচে জয়ের জন্য লড়তে নামি, সামনে মেসি থাকল নাকি অন্য কোনো প্রতিপক্ষ, তা আমাদের কাছে মুখ্য নয়।" আলবিসেলেস্তেদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "আর্জেন্টিনার হয়তো একজন মেসি আছে, কিন্তু আমাদের দলে মোহাম্মদ সালাহ ছাড়াও আরও ২৬ জন মেসি রয়েছে। আশা করি, মাঠের লড়াকু পারফরম্যান্সের জন্য সৃষ্টিকর্তা আমাদের পুরস্কৃত করবেন।"
চলমান আসরে মিশরের যাত্রাটা বেশ চমকপ্রদ। গ্রুপ পর্বে নিউজিল্যান্ডকে পরাস্ত করে নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম জয় তুলে নেয় তারা। এরপর শেষ বত্রিশের ম্যাচে অস্ট্রেলিয়াকে বিদায় করে দিয়ে বড় ধরনের বাজিমাত করে ফারাওরা। দলের এই ধারাবাহিক পারফরম্যান্স নিয়ে ইব্রাহিম বলেন, "বিশ্বকাপের প্রথম দিন থেকেই আমরা ফুটবলারদের একটি বার্তা দিয়েছি যে, আমরা এখানে কেবল অংশগ্রহণ করতে আসিনি। আমাদের মূল লক্ষ্য থাকবে এই টুর্নামেন্টের যতদূর সম্ভব গভীরে যাওয়া।"
আগামীকাল বাংলাদেশ সময় রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে এই দুই দল মুখোমুখি হবে। অবশ্য চলতি আসরে লিওনেল মেসি আছেন ক্যারিয়ারের অন্যতম সেরা ফর্মে। টুর্নামেন্টে এ পর্যন্ত ৪ ম্যাচে ৭ গোল করে যৌথভাবে গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে আছেন তিনি। একই সাথে বিশ্বকাপে নিজের ২০তম গোলটি করার মাধ্যমে বিশ্বমঞ্চের সর্বকালের সেরা গোলদাতার তালিকায় এক নম্বরে আরোহণ করেছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।