ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ২৭ Jul ২০২৬,  ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার রাজধানীতে ১৮ মন্ত্রী চলবেন এসকর্ট ছাড়া, বহাল থাকছে ৭ জনের সুবিধা সাতক্ষীরায় অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দী হাজারও মানুষ, সড়ক-শিক্ষা প্রতিষ্ঠান প্লাবিত সাতক্ষীরার তিন হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত দুই চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নেই নাহিদ-লিটন সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৬০ জামায়াত জোট ছাড়ার গুঞ্জন নাকচ করল নেজামে ইসলাম চলনবিলে অবাধে ব্যবহার হচ্ছে নিষিদ্ধ চায়নাদুয়ারী জাল লক্ষ্মীপুরে উৎসবমুখর পরিবেশে ধারণ হলো ‘ইত্যাদি’র বিশেষ পর্ব

ঢাকাসহ ১৬ অঞ্চলে ধেয়ে আসছে তীব্র ঝড়বৃষ্টি


  • আপলোড সময় : শনিবার ১১ জুলাই, ২০২৬ সময় : ১২:৩৬ পিএম

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের ১৬টি অঞ্চলে শক্তিশালী ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, যার সাথে থাকবে বজ্রসহ বৃষ্টি। একই সাথে দেশের মোট আটটি বিভাগের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে। এই তীব্র বৃষ্টির কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বেশ কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে এবং চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের মারাত্মক ঝুঁকি রয়েছে।

শনিবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়— রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বুলেটিনে জানানো হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সব বিভাগেই মাঝারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল। ২৪ ঘণ্টার এই সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার (ভারী) এবং কিছু কিছু এলাকায় ৮৮ মিলিমিটারের চেয়েও বেশি (অতি ভারী) বৃষ্টিপাত রেকর্ড হতে পারে।

টানা ও মুষলধারে বৃষ্টির কারণে রাজধানী ঢাকা ও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নিচু এলাকাগুলোতে জলাবদ্ধতা দেখা দিতে পারে, যা নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করার আশঙ্কা তৈরি করেছে। পাশাপশি পাহাড় কাটার প্রবণতা ও মাটির গঠনগত কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় পাহাড়ধসের বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে সমুদ্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও সংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি ধাপে ধাপে দুর্বল হয়ে বর্তমানে মধ্য উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকায় লঘুচাপ হিসেবে অবস্থান করছে। এটি আগামীতে আরও দুর্বল হয়ে যেতে পারে। তবে লঘুচাপটি দুর্বল হলেও উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। ফলে সমুদ্রের ওপর দিয়ে যেকোনো সময় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বজায় রাখতে বলা হয়েছে। একই সাথে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে অত্যন্ত সাবধানে চলাচল করতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


এ সম্পর্কিত আরো খবর