ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশ্বমঞ্চেও ভোলেননি সুবিধাবঞ্চিত শিকড়কে

ইয়ামালের হাত উঁচিয়ে ‘৩০৪’ সংকেতের নেপথ্য ইতিহাস


  • আপলোড সময় : মঙ্গলবার ২১ জুলাই, ২০২৬ সময় : ৩:৫৭ পিএম

সবুজ গালিচায় ফুটবলের রোমাঞ্চ ছড়িয়ে প্রতিপক্ষের জাল স্পর্শ করার পর স্প্যানিশ তরুণ তুর্কি লামিনে ইয়ামালের নির্দিষ্ট একটি উদযাপনে চোখ আটকে যায় কোটি কোটি ফুটবলপ্রেমীর। গোল করার পরপরই ইয়ামাল দুই হাতের আঙুল বাঁকিয়ে ফুটিয়ে তোলেন ‘৩০৪’ সংখ্যাটি। দেখতে অতি সাধারণ এক হাত নাড়ানোর উদযাপন মনে হলেও, এই তিনটি ডিজিটের ভেতরে লুকিয়ে রয়েছে এই তারকা ফরোয়ার্ডের অতীত জীবন, পরিচয় এবং শৈশবের গভীর আবেগ।

প্রকৃতপক্ষে এই ‘৩০৪’ সংখ্যাটি কোনো দৈবচয়ন বা সাধারণ কোনো প্রতীক নয়। এটি হলো স্পেনের কাতালোনিয়া স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্গত মাতারো শহরের রোকাফোন্দা এলাকার ডাক নির্দেশক নম্বর বা পোস্টাল কোড '০৮৩০৪'-এর শেষ তিনটি সংখ্যা। এই বহুসাংস্কৃতিক ও শ্রমজীবী মানুষের পাড়াতেই কেটেছে ইয়ামালের দুরন্ত শৈশব ও ফুটবলে হাতেখড়ির দিনগুলো। পরবর্তীতে তারকা খ্যাতি ও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ চূড়ায় পৌঁছালেও, নিজের বেড়ে ওঠার স্মৃতিবিজড়িত সেই পাড়াকে সম্মান ও ভালোবাসায় স্মরণ করতেই প্রতিবার লক্ষ্যভেদের পর ওই বিশেষ সংখ্যাটি বিশ্বের সামনে তুলে ধরেন তিনি।

ইয়ামালের পরিবারও এই রোকাফোন্দা এলাকার অভিবাসী সম্প্রদায়ের অন্যতম অংশ। নানা সামাজিক প্রতিকূলতা ও আর্থিক কষ্টের মধ্য দিয়ে সেখানে বড় হওয়া ইয়ামালের জীবনে এলাকাটির প্রভাব অপরিসীম। এমনকি স্প্যানিশ এই তারকার বাবা মুনির নাসরাউই সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে যে অ্যাকাউন্ট পরিচালনা করেন, সেটির ইউজার আইডিও ‘Hustle_Hard_304’। অ্যাকাউন্টের নামের পেছনের এই শেষ তিন সংখ্যাও তাদের সেই প্রিয় এলাকা রোকাফোন্দাকেই নির্দেশ করে। ‘Hustle Hard’ বা কঠোর সংগ্রামের বার্তাটি মূলত তাদের পারিবারিক জীবনযুদ্ধ ও প্রতিকূল পরিবেশ পার করে আসার প্রতীকী গল্প তুলে ধরে।

যে এলাকায় ইয়ামাল শৈশব কাটিয়েছেন, সেই রোকাফোন্দা স্পেনের বেশ কয়েকটি অভিবাসী জনগোষ্ঠীর একটি বড় কেন্দ্রস্থল। মরক্কো, ইকোটোরিয়াল গিনির মতো বিভিন্ন উন্নয়নশীল দেশের সুবিধাবঞ্চিত অভিবাসী পরিবার সেখানে বসবাস করে। একসময় যে এলাকাকে অনেকে কেবল দরিদ্র ও সাধারণ শ্রমজীবীদের আবাস্থল হিসেবে দেখত, বিশ্ব ফুটবলের উজ্জ্বল তারকা ইয়ামালের কল্যাণে আজ সেই পাড়ার নাম উচ্চারিত হচ্ছে সারা বিশ্বে।

সংবাদমাধ্যমের সঙ্গে এক সাক্ষাৎকারে ইয়ামাল খোলাখুলি জানিয়েছিলেন, ‘আমি কখনো ভুলব না আমি কোথা থেকে এসেছি। বিশ্ববাসী যেন জানতে পারে সুবিধাবঞ্চিত ওই শহরের কোন গলি থেকে আমি লড়াই করে উঠে এসেছি, সেজন্যই এই ‘৩০৪’ আমার হৃদয়ের এত কাছাকাছি।’ এই আবেগের গভীরতা এতটাই বেশি যে, ইয়ামাল যে বিশেষ জুতো বা বুট পরেই মাঠে নামেন, সেটিতেও যত্ন করে খোদাই করে লেখা থাকে ‘LY304’।

পারিবারিক বন্ধন আর শিকড় আঁকড়ে রাখার এই প্রবণতা ইয়ামালের রক্তেই প্রবাহিত। তার বাবা নিয়মিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলের শৈশবের ছবি, অনুশীলনের রঙিন স্মৃতি এবং একের পর এক ট্রফি জয়ের মুহূর্তগুলো আনন্দচিত্তে শেয়ার করেন। সব মিলিয়ে, বিশ্বজুড়ে একের পর এক রেকর্ড ভেঙে শীর্ষে পৌঁছানো ইয়ামালের কাছে '৩০৪' কেবল একটি উদযাপনের প্রতীক নয়—এটি তার বেঁচে থাকার আত্মপরিচয়, নিরন্তর পথচলা ও চরম প্রতিকূলতাকে জয় করার এক অনন্য স্মারক।


এ সম্পর্কিত আরো খবর