ঢাকা, বাংলাদেশ ।
  মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরলো বঙ্গবন্ধুর একক ছবি, যুক্ত হলো জিন্নাহ ও জুলাই অভ্যুত্থান মমেকের ৩য় তলায় শিশু ওয়ার্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস শিল্পে গ্যাস সরবরাহ মঙ্গলবার থেকেই স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর ব্যাংকে কোটি টাকার হিসাব ছাড়াল ১ লাখ ৪১ হাজার কাশফুল শুধু সৌন্দর্য নয়, অনেকের জীবিকাও বটে তাড়াশে গোয়ালঘরের তালা ভেঙে ৮টি গরু চুরি, নিঃস্ব কৃষক পরিবার ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৭৩৩ জন ঢাকার দুই সিটিতে জামায়াতের অনানুষ্ঠানিক মেয়র প্রার্থী ঘোষণা চারবার গুলিবিদ্ধ ও তিনবার কারাবরণ: ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের আলোচনায় ইশরাক অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান

যন্তর মন্তরে সহিংস সংঘর্ষ: এসিপিসহ আহত ৫ পুলিশ সদস্য


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৩ জুলাই, ২০২৬ সময় : ৯:৫৫ এএম

ভারতের রাজধানী দিল্লির ঐতিহ্যবাহী যন্তর মন্তরের কাছে আন্দোলনকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি সামলাতে গিয়ে আন্দোলনকারীদের হামলায় দিল্লি পুলিশের দুই সহকারী পুলিশ কমিশনার (এসিপি), দুই পরিদর্শকসহ অন্তত পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বিশৃঙ্খলা ও সহিংসতা নিয়ন্ত্রণে আনতে এলাকায় র‍্যাপিড অ্যাকশন ফোর্স (আরএএফ) এবং দিল্লি পুলিশ সদস্যরা সীমিত বলপ্রয়োগের পাশাপাশি দুই থেকে তিনটি টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভারতের প্রভাবশালী সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর নিশ্চিত করেছে।

দিল্লি পুলিশের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, বুধবার রাত সাড়ে ৮টার দিকে দিল্লির কনট প্লেসের টলস্টয় মার্গ এলাকায় এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশের দাবি, আন্দোলনকারীদের একাংশ এবং কিছু দুষ্কৃতকারী নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে অতর্কিতভাবে পাথর ও কাচের বোতল ছুড়ে হামলা চালায়। এই হামলায় কনট প্লেস অঞ্চলের এসিপি বিবেক ভগত গুরুতর আহত হন। পরবর্তীতে তাঁকে দ্রুত চিকিৎসার জন্য স্থানীয় রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে নেওয়া হয়।

পুলিশের সরবরাহ করা তথ্য অনুযায়ী, যন্তর মন্তরে পূর্বঘোষিত কর্মসূচিতে অংশ নিতে আসা আন্দোলনকারীরা রাত সাড়ে ৮টার দিকে টলস্টয় মার্গের দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে সেখানে সার্বিক পরিস্থিতি সহিংস রূপ নেয়। এ সময় সেখানে দায়িত্বরত দিল্লি পুলিশ ও আরএএফ সদস্যদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর ও বোতল নিক্ষেপ করতে থাকে উত্তেজিত জনতা।

ঘটনাস্থলে উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানান, সংঘর্ষ শুরুর মুহূর্তে বিক্ষোভকারীদের অবরুদ্ধ এলাকা থেকে শান্তিপূর্ণভাবে সরে যেতে বোঝানোর সব ধরনের চেষ্টা চালানো হয়েছিল। আন্দোলনের আয়োজক রাজনৈতিক দল ‘ককরোচ জনতা পার্টির’ (সিজেপি) মূল নেতা ও সংগঠকদেরও দ্রুত ঘটনাস্থলে ডেকে এনে বিক্ষুব্ধ ভিড়কে শান্ত হওয়ার আহ্বান জানাতে বলা হয়। তবে আন্দোলনকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজ দলের প্রধান সংগঠকদের নির্দেশ ও আহ্বান উপেক্ষা করে সহিংসতায় মেতে ওঠে।

সংঘর্ষ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে বড় বড় পাথরের খণ্ড নিক্ষেপ করা হতে থাকে। পুলিশের সুস্পষ্ট অভিযোগ, আন্দোলনকারীদের কয়েকজনের কাছে দেশীয় লাঠিসোটা ছাড়াও ধারালো তলোয়ার ও খুকরি ছিল। সংঘর্ষ চলাকালীন এক পুলিশ সদস্যকে আন্দোলনকারীরা চারদিক থেকে ঘিরে ধরে পিটিয়ে হত্যার চেষ্টা চালায় বলেও অভিযোগ করে প্রশাসন। হামলাই উসকানি দিয়ে ক্রমাগত স্লোগানবাজি করা হয়। উদ্ভূত পরিস্থিতিতে অতিরিক্ত বড় ধরনের ক্ষতি এড়াতে আরএএফ ও দিল্লি পুলিশ লাঠিচার্জের পাশাপাশি টিয়ার শেল ছুড়ে গোটা এলাকা খালি করতে বাধ্য হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে দিল্লি পুলিশ জানিয়েছে, বর্তমানে টলস্টয় মার্গ ও যন্তর মন্তর অঞ্চলের পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সমগ্র যন্তর মন্তর ও আশপাশের স্পর্শকাতর এলাকায় বিপুল সংখ্যক অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন রাখা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর