পাঁচ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বুধবার (২৯ জুলাই) সকাল ৬টা থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতি। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে সংগঠনের পক্ষ থেকে সারাদেশে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সংগঠনের দাবি, অ্যাম্বুলেন্স সেবা দেশের জরুরি স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু নীতিমালা, অবকাঠামোগত সুবিধা এবং পরিচালনাগত নানা সমস্যার কারণে এ খাতের সঙ্গে সংশ্লিষ্টরা প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হচ্ছেন। এসব সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির ঘোষিত পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—অ্যাম্বুলেন্স সংক্রান্ত বাণিজ্যিক নীতিমালার বাস্তবায়ন, প্রতিটি সরকারি হাসপাতালে অ্যাম্বুলেন্স পার্কিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা, হাইকোর্টের রায় অনুযায়ী অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা চালু করা, লাশবাহী ফ্রিজার ভ্যান ও লাশ বহনরত অ্যাম্বুলেন্সের জন্য টোল-ফ্রি সুবিধা নিশ্চিত করা এবং ২৪ ঘণ্টা অ্যাম্বুলেন্সের জন্য নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করা।
সংগঠনের নেতারা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তাদের দাবিগুলো বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। অন্যথায় সারাদেশে ধর্মঘট অব্যাহত থাকবে বলে তারা জানিয়েছেন।
অ্যাম্বুলেন্স ধর্মঘট কার্যকর হলে জরুরি রোগী পরিবহন এবং হাসপাতালভিত্তিক স্বাস্থ্যসেবায় সাময়িক প্রভাব পড়তে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।