ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অঙ্গ পাচার চক্রের হাত থেকে ফিরল লোহাগাড়ার রায়হান ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে নতুন পদে বদলি মধ্যপ্রাচ্যে উত্তাপ: বিশ্ববাজারে তেলের দাম ছাড়াল ১০৭ ডলার হরমুজে নতুন নৌপথ: ওমানের আঞ্চলিক বৈঠক স্থগিত দেশে ফিরে ইতালিতে হামলার বিরুদ্ধে মুখ খুললেন অভিনেত্রী বাঁধন ব্রিকসে বিশ্বনেতাদের দেওয়া হলো নিরামিষ খাবার: বিজেপি-কংগ্রেস তুমুল বিতর্ক সারাদেশে ঘরে ঘরে জ্বর: ডেঙ্গু ও হামের সঙ্গে বাড়ছে টাইফয়েড ইউক্রেন যুদ্ধ বন্ধ হলেই কি থামবে মধ্যপ্রাচ্যের ইরান যুদ্ধ? ‘ট্রফি চোর’ অপবাদ মাথায় নিয়ে শান্ত মেজাজে মাঠ ছাড়লেন নাকভি ২৩ বছরের খরা কাটল না আমেরিকার, ইউএস ওপেনের ট্রফি জভেরেভের হাতে

নিরাপত্তা জোরদারে মাঠপর্যায়ে পুলিশের বিশেষ সতর্কতা


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ৯:১২ এএম

দেশজুড়ে পুলিশের ব্যবহৃত যানবাহনে সম্ভাব্য হামলার আশঙ্কায় মাঠপর্যায়ের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। উগ্রবাদী সংগঠনের সদস্য বা দুর্বৃত্তরা পুলিশের জিপ, পিকআপ, বাসসহ বিভিন্ন যানবাহনকে লক্ষ্যবস্তু করতে পারে—এমন তথ্যের ভিত্তিতে নিরাপত্তা জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।

শনিবার (১ আগস্ট) পুলিশ সদর দপ্তরের অপারেশন্স নিয়ন্ত্রণকক্ষ থেকে পাঠানো এক জরুরি বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়। বার্তাটিকে ‘অতীব গুরুত্বপূর্ণ’ হিসেবে উল্লেখ করে দেশের সব ইউনিটকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, দায়িত্ব পালনরত কোনো পুলিশি যানবাহন সাময়িকভাবে কোথাও থামাতে হলে সেটি অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে এবং সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে। একই সঙ্গে দায়িত্ব শেষে থানা, অফিস কম্পাউন্ড কিংবা পুলিশ লাইন্সে রাখা যানবাহনের নিরাপত্তাও আরও জোরদার করতে বলা হয়েছে।

এছাড়া এসব স্থানে নিয়মিত টহল, প্রয়োজনীয় নজরদারি এবং সন্দেহজনক ব্যক্তি বা বস্তু শনাক্তে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। কোনো ধরনের অস্বাভাবিক বা সন্দেহজনক কার্যক্রম চোখে পড়লে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া না গেলেও পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমকে জানিয়েছেন, পুলিশের নিরাপত্তা ও প্রস্তুতি নিশ্চিত করতে নিয়মিতভাবেই বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়। তার ভাষ্য, এটি তেমনই একটি রুটিন সতর্কতামূলক বার্তা। পুলিশ সদস্যদের আরও সক্রিয় ও সতর্ক রাখতে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছে এবং এতে সাধারণ মানুষের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

তবে সাম্প্রতিক সময়ে রাজধানীতে একাধিক সন্দেহজনক ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে। গত ২৪ জুলাই মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতার ভেতরে রাখা শক্তিশালী আইইডি উদ্ধার করে পুলিশ। পরে বোমা নিষ্ক্রিয়কারী দল সেটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

পুলিশ জানায়, সনাতন ধর্মাবলম্বীদের উল্টোরথ যাত্রার রুটে ওই বিস্ফোরক রাখা হয়েছিল। শোভাযাত্রা ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছালে পুলিশ এলাকা ঘিরে ফেলে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত মানুষকে শর্ট সার্কিটের কথা জানানো হয়।

এর পরদিন বাংলাদেশ ব্যাংকের সামনে ছাতা বের হয়ে থাকা একটি বস্তা পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি তদন্ত করা হয়। একই ঘটনায় মতিঝিল থানার এসআই মো. মুক্তা বাদী হয়ে বিস্ফোরক দ্রব্য আইনে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এদিকে শনিবার দুপুরেও রাজধানীর মিরপুর-১০ মেট্রো স্টেশনের দ্বিতীয় তলায় একটি সন্দেহজনক ব্যাগ এবং প্রায় একই সময়ে ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে একটি পিলারের পাশে একটি বস্তা পড়ে থাকতে দেখা যায়। সম্ভাব্য বিস্ফোরকের আশঙ্কায় পুলিশকে খবর দেওয়া হলে ডিএমপি বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালায়। পরে তারা নিশ্চিত করে, ওই ব্যাগ ও বস্তায় কোনো বিস্ফোরক দ্রব্য ছিল না।

পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, রাজধানীতে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া এসব ঘটনার সামগ্রিক প্রেক্ষাপট বিবেচনায় নিয়েই দেশব্যাপী এই সতর্কতামূলক নির্দেশনা জারি করা হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর