ঢাকা, বাংলাদেশ ।
  সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিশ্বকাপের দুঃখ ভুলে ফিরলেন মেসি, ফিরেই চমক


  • আপলোড সময় : রবিবার ০২ আগস্ট, ২০২৬ সময় : ১০:২৫ এএম

বিশ্বকাপ ফাইনালের তিক্ত স্মৃতি পেছনে ফেলে ১৩ দিন পর আবারও মাঠে ফিরলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। বদলি হিসেবে মাঠে নেমেই গোলের সুবর্ণ সুযোগ তৈরি করলেও অল্পের জন্য জাল খুঁজে পাননি তিনি। শেষ পর্যন্ত নাটকীয় এই ম্যাচে ২-২ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।

বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ ব্যবধানে হারের পর এটাই ছিল মেসির প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ। দীর্ঘ বিরতির পর মাঠে ফেরায় সমর্থকদের মধ্যে ছিল বাড়তি উচ্ছ্বাস। তবে প্রত্যাবর্তনের ম্যাচটি জয় দিয়ে রাঙাতে পারেনি তার দল।

নিজেদের মাঠ নু স্টেডিয়ামে কলাম্বাস ক্রুর বিপক্ষে ম্যাচের ৫৩তম মিনিটে ড্যানিয়েল পিন্টারের পরিবর্তে মাঠে নামেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড। দর্শকদের উচ্ছ্বসিত অভ্যর্থনার মধ্য দিয়ে মাঠে নামার পরই আক্রমণে প্রাণ ফেরান তিনি।

মাঠে নামার মাত্র তিন মিনিটের মাথায় লুইস সুয়ারেজের পাস থেকে দারুণ একটি সুযোগ পান মেসি। পেনাল্টি বক্সের ডান দিক থেকে বাঁ পায়ের শক্তিশালী শট নিলেও বল পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। নিশ্চিত গোল হাতছাড়া হওয়ায় গ্যালারিতে নেমে আসে বিস্ময়। গোলটি হলে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যেতে পারত।

এর আগে প্রথমার্ধে লুইস সুয়ারেজের দুর্দান্ত নৈপুণ্যে দুই গোলের লিড নেয় স্বাগতিকরা। প্রথমে নিজের শটে গোল করেন উরুগুয়ের এই স্ট্রাইকার। পরে নোয়াহ অ্যালেনকে দিয়ে করান দ্বিতীয় গোল।

তবে বিরতির আগেই ম্যাচে ফেরে কলাম্বাস ক্রু। ইন্টার মায়ামির ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো অভিষেক ম্যাচেই আত্মঘাতী গোল করে প্রতিপক্ষকে ম্যাচে ফিরিয়ে আনেন। এরপর ৮৪তম মিনিটে ব্রাইস মেন্দেজের নিখুঁত ফ্রি-কিক থেকে সমতাসূচক গোল করে সফরকারীরা। ফলে শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টার মায়ামিকে।

এদিন মেসির ক্লাব ও জাতীয় দলের সতীর্থ রদ্রিগো দে পলও শুরুর একাদশে ছিলেন। বিশ্বকাপের পর বিশ্রামে থাকায় শিকাগো ফায়ার ও সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে দুজনই খেলেননি। এমএলএস অলস্টার ম্যাচে অংশ না নেওয়ার কারণে সম্ভাব্য নিষেধাজ্ঞা থেকেও রেহাই পান তারা।

চলতি সপ্তাহে অনুশীলনে ফেরার পর এই ম্যাচ দিয়েই প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরে এলেন মেসি। এর আগে তিনি সর্বশেষ ২৪ মে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

ড্রয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা নাশভিলে এসসির চেয়ে দুই পয়েন্ট পিছিয়েই থাকল ইন্টার মায়ামি। এখন তাদের লক্ষ্য লিগস কাপ। বুধবার নিজেদের মাঠে অ্যাতলেটিকো দে সান লুইসকে আতিথ্য দেবে মেসির দল। এরপর নকআট পর্বে ওঠার লড়াইয়ে মন্টেরে ও লিওঁনের বিপক্ষে মাঠে নামবে তারা।


এ সম্পর্কিত আরো খবর