জুলাইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয় বলে স্পষ্ট মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। এটি বিভিন্ন শ্রেণি-পেশা ও সর্বস্তরের মানুষের সম্মিলিত আকাঙ্ক্ষা ও ত্যাগের ফসল উল্লেখ করে তিনি বলেন, কোনো পক্ষকে জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা বা রাজনৈতিক স্বত্ব নেওয়ার সুযোগ দেওয়া যাবে না।
আজ সোমবার (১৭ আগস্ট) রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ আয়োজিত ‘জুলাইয়ের কণ্ঠস্বর: তারুণ্য, প্রত্যয়, প্রতিরোধ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেবল একটি নির্দিষ্ট আন্দোলনের ফ্রেমে দেখলে এর মূল তাৎপর্য ধরা পড়বে না। এটি ছিল বহুমুখী আন্দোলনের এক অভিন্ন মহামিলন। দেশের তরুণ ও সাধারণ মানুষ চাকরির দাবি, গণতন্ত্র পুনরুদ্ধার, মানবাধিকার প্রতিষ্ঠা কিংবা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে রাজপথে নেমেছিলেন। ভিন্ন ভিন্ন অবস্থান থেকে শুরু হলেও শেষপর্যন্ত জনগণের মূল সুরটি এক হয়ে যায়—একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা।
তিনি অতীত ইতিহাস স্মরণ করে হুশিয়ারি উচ্চারণ করেন যে, মহান মুক্তিযুদ্ধের মতো সর্বজনীন জাতীয় অর্জনের চেতনাকেও একসময় দলীয় বা রাজনৈতিক মালিকানার বৃত্তে বন্দী করা হয়েছিল। একই ধরনের প্রবণতা যেন জুলাই অভ্যুত্থানের ক্ষেত্রে তৈরি না হয়, সে বিষয়ে দেশের তরুণ সমাজকে সার্বক্ষণিক সতর্ক থাকতে হবে।
তরুণদের উদ্দেশ্যে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, কেবল রাজপথে নেমে সরকার পরিবর্তনের মাধ্যমেই একজন নাগরিকের দায়িত্ব ফুরিয়ে যায় না। আসল কাজ শুরু হয় সরকার গঠনের পর তাকে স্বচ্ছতা ও জবাবদিহির মধ্যে রাখা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জনপ্রতিনিধি, মন্ত্রী ও এমপিরা ঠিকমতো অর্পিত দায়িত্ব পালন করছেন কি না, সে বিষয়ে সজাগ থাকা ও তাদের জবাবদিহির মুখোমুখি দাঁড় করানো প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব।
অনুষ্ঠানে বিশেষ গুরুত্ব নিয়ে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।