ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শত কোটি টাকার সম্পদ, রিট ফাইল চেপে রাখা ও প্রশাসনের নীরবতার অভিযোগ রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর হবে: এলজিআরডি মন্ত্রী


  • আপলোড সময় : মঙ্গলবার ২৫ আগস্ট, ২০২৬ সময় : ১২:৩০ পিএম

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা ও উন্নয়ন সহায়তার ক্ষেত্রে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকের শুরুতে ডেনমার্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান। একই সঙ্গে বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার বিদ্যমান সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্কের অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগানো যেতে পারে। বিশেষ করে ঢাকার ক্রমবর্ধমান জনসংখ্যার কারণে বিশুদ্ধ পানির চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে পানি সরবরাহ ব্যবস্থার উন্নয়নে বিদেশি সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।


তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রেও দুই দেশের মধ্যে সহযোগিতার সুযোগ রয়েছে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের মতো পরিবেশবান্ধব উদ্যোগে ডেনমার্কের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাংলাদেশের জন্য উপকারী হতে পারে।

বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। প্রকল্পটি বাস্তবায়নে ডেনমার্ক সরকারের পক্ষ থেকে সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়নের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ সহায়তা হিসেবে দেওয়ার কথা রয়েছে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীতে বিশুদ্ধ পানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে।

তিনি বলেন, ঢাকার জনসংখ্যা ও পানির চাহিদা দিন দিন বাড়ছে। তাই ভবিষ্যতের চাহিদা বিবেচনায় নিয়ে পানি সরবরাহ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো প্রয়োজন। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ সেই প্রয়োজন পূরণে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, ডেনমার্কের অর্থায়নের ফলে প্রকল্প বাস্তবায়নে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না। অনুদান ও স্বল্পসুদে ঋণ সহায়তার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে সরকারের আর্থিক সক্ষমতার ওপরও ইতিবাচক প্রভাব পড়বে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মোঃ শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপ বাস্তবায়নের পাশাপাশি পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশ-ডেনমার্ক সহযোগিতা আরও বিস্তৃত হলে রাজধানীর দীর্ঘমেয়াদি পানি ও পরিবেশ ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।


এ সম্পর্কিত আরো খবর