ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও চাঁদাবাজি কঠোর হাতে দমন করা হবে: আইনমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ প্রাণহানি, এক দিনে হাসপাতালে ১৫৬১ জন ভর্তি গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয় সরকার ব্যবস্থা জোরদার করতে হবে: রাষ্ট্রপতি আসিফ মাহমুদের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ: দুদক ‘বারবার মিথ্যা মামলা না দিয়ে আমাকে একবারে গুলি করে মেরে ফেলেন’ ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিনিয়োগে আগ্রহী মার্কিন কোম্পানি শেভরন পাবনায় ডিবির ওসির প্রত্যাহারে সাংবাদিকদের ২৪ ঘণ্টার আলটিমেটাম গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান

নেপালে ভোটেকোশি নদীর তীরবর্তী এলাকা ৩ মাসের জন্য ‘দুর্যোগকবলিত’ ঘোষণা


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৮:৫৯ এএম

আকস্মিক পাহাড়ি ঢল ও ভয়াবহ ভূমিধসে ক্ষতিগ্রস্ত ভোটেকোশি নদীর তীরবর্তী এলাকাগুলোকে আগামী ৩ মাসের জন্য আনুষ্ঠানিকভাবে ‘দুর্যোগকবলিত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে নেপাল সরকার। এই দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের দ্রুত উদ্ধার, প্রয়োজনীয় চিকিৎসা ও পুর্নবাসনে তাৎক্ষণিক সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থাকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে।


বুধবার দেশটির প্রশাসনিক কেন্দ্র সিংহ দরবারে অনুষ্ঠিত নেপাল সরকারের মন্ত্রিসভার এক জরুরি বৈঠকে বন্যায় প্রাণ হারানো ব্যক্তিদের স্মরণে গভীর শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি নেপাল সরকারের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হয়।


বৈঠক শেষে নেপালের সরকারি মুখপাত্র এবং শিক্ষা ও ক্রীড়ামন্ত্রী অসমিত পোখরেল জানান, প্রাকৃতিক এই দুর্যোগে আহত ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হবে।


পরিস্থিতি মোকাবিলায় নেপালের স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়কে আহত ও ক্ষতিগ্রস্ত মানুষকে অতি দ্রুত উদ্ধার করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে দুর্যোগের ঝুঁকিতে থাকা এলাকাগুলোর অধিবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সমন্বিত পদক্ষেপ নিতে বলা হয়েছে। দুর্গম এলাকাগুলোতে সফল উদ্ধার অভিযান চালাতে নেপালি সেনাবাহিনী, বেসরকারি হেলিকপ্টারসহ প্রয়োজনীয় সকল সরকারি-বেসরকারি সম্পদ ব্যবহারের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বিশেষ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।


বন্যাকবলিত অসহায় মানুষের জরুরি খাদ্য ও সাময়িক আবাসন নিশ্চিত করার মূল দায়িত্ব দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে। এর পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত যোগাযোগ সড়কগুলো দ্রুত পুনর্নির্মাণ করা এবং দুর্গত অঞ্চলগুলোতে দ্রুত নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করতে অবকাঠামো উন্নয়ন মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে।


মন্ত্রিসভার সিদ্ধান্তে আরও জানানো হয়, আকস্মিক বন্যায় পরিবারের কোনো সদস্য নিহত হয়ে থাকলে প্রচলিত ও বিদ্যমান আইন অনুযায়ী সংশ্লিষ্ট পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। এছাড়া নেপালের অর্থমন্ত্রীকে ক্ষতিগ্রস্ত সরকারি ও ভৌত অবকাঠামো দ্রুত পুনরুদ্ধারে প্রয়োজনীয় অর্থ এবং জরুরি সম্পদ সমন্বয় করার বিশেষ দায়িত্ব অর্পণ করা হয়েছে।


নেপাল সরকার জানায়, দেশটির দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা আইন, ২০৭৪-এর ৩২ নম্বর ধারার অধীনে অর্পিত ক্ষমতাবলে ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোকে এই ৩ মাসের জন্য দুর্যোগকবলিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হলো। (তথ্যসূত্র: দ্য হিমালয়ান টাইমস)


এ সম্পর্কিত আরো খবর