ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

ছয় মাসে আইনশৃঙ্খলা ফেরাতে স্বরাষ্ট্রমন্ত্রী সফল না ব্যর্থ: হাসনাত আবদুল্লাহ


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬ সময় : ৭:০৪ পিএম

জাতীয় সংসদে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়া নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে তপ্ত প্রশ্ন তুলেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বিগত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার সম্ভব হয়েছে কি না, নাকি তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থ হয়েছেন—তা সংসদ অধিবেশনে সরাসরি জানতে চান তিনি।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম কার্যদিবসে এক সম্পূরক প্রশ্নে ব্রাহ্মণবাড়িয়া জেলায় গান-বাজনা ও ঐতিহ্যবাহী নৌকাবাইচ বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গটি উত্থাপন করেন সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী নিজে ব্রাহ্মণবাড়িয়াকে একটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক জেলা হিসেবে উল্লেখ করেছেন। অথচ আজ সেই জেলাতেই গান-বাজনা ও সিনেমা প্রদর্শনী প্রায় বন্ধের মুখে।

এ অবস্থায় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, গত ছয় মাসে তিনি দেশে আইনের শাসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনর্বহাল করতে পর্যাপ্ত ভূমিকা রাখতে পেরেছেন কি না, নাকি তিনি এই দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন? বক্তব্যের একপর্যায়ে তিনি অপরাধ, হত্যা ও আহতের বিভিন্ন পরিসংখ্যান তুলে ধরে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।

হাসনাত আবদুল্লাহর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেন, ‘এটা প্রশ্ন হলো, না পল্টনের বক্তৃতা—বুঝতে পারিনি।’ তিনি সংসদ সদস্যের উত্থাপিত হত্যা ও জখমের তথ্যের উৎস ও পরিসংখ্যানের সঠিকতা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন এবং বলেন, কোন তথ্যের ভিত্তিতে এই পরিসংখ্যান দেওয়া হয়েছে তা তাঁর জানা নেই।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজের সরকারের অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি ঘটেছে। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের যেকোনো স্থানে অপরাধ সংঘটিত হওয়ার ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই অপরাধীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হয়েছে। সংসদ সদস্যরা নির্দিষ্ট কোনো ঘটনার কথা উল্লেখ করলে তিনি ৩০০ বিধিতে সংসদে সে বিষয়ে বিবৃতি দিতে প্রস্তুত রয়েছেন।

রামিসা হত্যা থেকে শুরু করে রংপুরের সাম্প্রতিক চারটি হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, পুলিশসহ প্রতিটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুততম সময়ের মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সংসদে কেবল সাধারণ বক্তব্যের খাতিরে ব্যর্থতার কথা না বলে তথ্যভিত্তিক আলোচনার তাগিদ দেন তিনি। সালাহউদ্দিন আহমদ স্পষ্ট জানান, নির্দিষ্ট কোনো ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা থাকলে সে বিষয়ে যথাযথ নোটিশ দিলে সংসদে বিস্তারিত বিতর্ক হতে পারে।


এ সম্পর্কিত আরো খবর