ঢাকা, বাংলাদেশ ।
  রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,  ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই: ড. আবদুল মঈন খান স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: মীর শাহে আলম দুপুরের মধ্যেই বিদ্যুৎ পাচ্ছে বাংলাদেশ: কমবে লোডশেডিং এমপিও শিক্ষকদের নির্বাচন ভাগ্য নির্ধারণ করবে ইসি: মীর শাহে আলম সরকারি কেনাকাটায় পুকুরচুরি ঠেকাতে আসছে অভিন্ন একক দরতালিকা সাগর-রুনি হত্যার বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ তারুণ্য না অভিজ্ঞতা: ছাত্রদলের নতুন নেতৃত্ব চয়নে জটিল হিসাব-নিকাশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ হাইকোর্টে ইন্দোনেশিয়ায় ২৪০ যাত্রী নিয়ে জাহাজ নিখোঁজ ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, আটক ২

মিরাজ শেখ ইস্যুতে স্বাধীন তদন্ত করতে চাইলে সরকার প্রস্তুত: স্বরাষ্ট্রমন্ত্রী


  • আপলোড সময় : রবিবার ৩০ আগস্ট, ২০২৬ সময় : ১০:২৬ এএম

বাগেরহাটের মোংলায় মিরাজ শেখ নিখোঁজ হওয়ার ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপগুলোর সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে ঘটনাটিকে কেন্দ্র করে ভবিষ্যতে কেউ ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত ‘টু মেক দ্য ডিস্যাপিয়ার্ড অ্যাপিয়ার: ল, জাস্টিস, অ্যাকাউন্টিবিলিটি অ্যান্ড হিউম্যান রাইটস’ শীর্ষক প্যানেল আলোচনা ও বিশেষ চিত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখের লোকজন নদীর তীরে একটি পন্টুন স্থাপন করেছিল। অভিযোগ রয়েছে, ওই পন্টুন ব্যবহার করে জলদস্যুদের জন্য সমুদ্র থেকে রসদ সংগ্রহ ও সরবরাহ করা হতো। কোস্টগার্ড পন্টুনটি সরিয়ে দেওয়ার পর এ নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় একপর্যায়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ সময় কম্পিউটার ভাঙচুরের পাশাপাশি কয়েকজনকে আহত করার অভিযোগও ওঠে। এ ঘটনায় কোস্টগার্ডের পক্ষ থেকে একটি মামলা করা হয়।

 

তিনি বলেন, পন্টুন অপসারণকে কেন্দ্র করে ক্ষোভের পাশাপাশি মিরাজ শেখকে কোস্টগার্ড নিয়ে গেছে—এমন অভিযোগও সামনে আসে। তবে পুরো ঘটনাটি জলদস্যুদের পরস্পরবিরোধী গ্রুপগুলোর সংঘাতের সঙ্গে সম্পর্কিত হতে পারে। মিরাজ শেখ ও তার পরিবারের অতীত কর্মকাণ্ডের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মিরাজ শেখ ও তার বাবার রেকর্ডও একই ধরনের ছিল। তার বিরোধী গ্রুপের ক্ষেত্রেও একই ধরনের তথ্য রয়েছে।

 

তবে এসব বিষয় সামনে আসার পরও ঘটনাটি নিয়ে স্বাধীন তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্য একটি বাহিনীকে দিয়ে তদন্ত করানো হলেও সেখান থেকে কোনো ফাইন্ডিংস পাওয়া যায়নি। ওই তদন্তে কোনো সরকারি বাহিনীর সম্পৃক্ততার প্রমাণও পাওয়া যায়নি। সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এখানে তো কোনো রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে না।’

 

মিরাজ শেখের নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে ভবিষ্যতে কেউ গুমের কাহিনী তৈরি করার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে সরকারের অবস্থান স্বচ্ছ দাবি করে তিনি বলেন, ‘উই আর ট্রান্সপারেন্ট।’ তবে ঘটনাটি নিয়ে কেউ স্বাধীন তদন্ত করতে চাইলে সরকার তাতে প্রস্তুত রয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ‘আপনারা কোনো স্বাধীন তদন্ত করতে চান, উই আর রেডি। আমরা স্বাধীন তদন্ত করবো।’

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় যৌথ বাহিনীর ‘অপারেশন ম্যানগ্রোভ’ ও ‘অপারেশন সুন্দরবন’-এর ফলে জলদস্যু ও বনদস্যুরা কোণঠাসা হয়ে পড়েছে। এ কারণে তারা ক্ষুব্ধ হয়ে কোস্টগার্ডের কার্যালয়ে হামলা চালানোর ঘটনায় একটি কোস্টগার্ডকেন্দ্রিক মামলা হয়। তবে মিরাজ শেখ ইস্যুতে দস্যু দলগুলোর নিজেদের মধ্যকার দ্বন্দ্বের তথ্য রয়েছে।

 

এর আগে অনুষ্ঠানে প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬’ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনটি বলপূর্বক গুমের শিকার ব্যক্তিদের দীর্ঘমেয়াদি জটিল প্রক্রিয়ায় না ফেলে সরাসরি আদালতে গিয়ে ন্যায়বিচার ও প্রতিকার পাওয়ার পথ উন্মুক্ত করেছে। গত ২৭ আগস্ট আইনটি সংসদে উত্থাপন করা হয়েছে এবং বর্তমানে এটি সংসদীয় কমিটিতে রয়েছে বলেও জানান তিনি। এতে যেকোনো ভালো পরামর্শ অন্তর্ভুক্ত করার সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন মন্ত্রী।


এ সম্পর্কিত আরো খবর