নরওয়ের মহামান্য রাজা পঞ্চম হারাল্ডের প্রয়াণে বাংলাদেশের পক্ষ থেকে গভীর শোক, শ্রদ্ধা ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। এই উপলক্ষে ঢাকাস্থ নরওয়ের দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে খোলা শোকবইয়ে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
গত ২৮ আগস্ট ২০২৬ তারিখে নরওয়ের রাজপরিবারের প্রধান মহামান্য রাজা পঞ্চম হারাল্ড শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর এই আকম্মিক প্রয়াণে গভীর শোক ও সহমর্মিতা প্রকাশের সুবিধার্থে ঢাকায় অবস্থিত নরওয়ের দূতাবাস একটি শোকবই খোলার ব্যবস্থা গ্রহণ করে।
সোমবার (৩১ আগস্ট) নরওয়ে দূতাবাসে উপস্থিত হয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান শোকবইয়ে স্বাক্ষর করেন। স্বাক্ষর প্রদানকালে তিনি বাংলাদেশের সরকার ও সাধারণ জনগণের পক্ষ থেকে নরওয়ের রাজপরিবার, নরওয়ে সরকার এবং সে দেশের শোকসন্তপ্ত জনগণের প্রতি গভীর দুঃখ প্রকাশ করেন এবং আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। বন্ধুপ্রতীম রাষ্ট্র নরওয়ের এই অপূরণীয় ক্ষতিতে বাংলাদেশ তাদের পাশে রয়েছে বলে তিনি আশ্বস্ত করেন।
অনুষ্ঠানে শোকবইয়ে স্বাক্ষর করার সময় বাংলাদেশে নিযুক্ত নরওয়ের মহামান্য রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন উপস্থিত ছিলেন। তিনি বাংলাদেশের এই সহানুভূতিশীল অবস্থান ও শোক প্রকাশের জন্য মন্ত্রী এবং বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।