উসকানি এড়িয়ে চরম ধৈর্য ও সংযমের সঙ্গে শনিবারের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, যেকোনো পরিস্থিতিতে শান্ত থেকে গণতান্ত্রিক এই কর্মসূচিকে সফল করা হবে। রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দলটির ঘোষিত সাত দফা দাবির মধ্যে রয়েছে—গণভোটের মাধ্যমে প্রাপ্ত জনমতের বাস্তবায়ন, জুলাই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার, বিদ্যুৎ-তেল-গ্যাস ও সার সংকট দ্রুত নিরসন, নিত্যপণ্যের ঊর্ধ্বগতি রোধ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। এছাড়া শাসনব্যবস্থায় দলীয়করণের প্রভাব দূর করার পাশাপাশি নতুন করে যুক্ত করা হয়েছে 'তিস্তা মহাপরিকল্পনা' বাস্তবায়নের বড় দাবি। ১১ দলীয় শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে উত্তরবঙ্গের জীবন-জীবিকার স্বার্থে এ দাবিটি সংযুক্ত করা হয়। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত নেতা।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, শনিবার সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা শুরু হবে। ৮টার মধ্যে লংমার্চের গাড়ি বহর রংপুরের উদ্দেশ্যে রওনা দেবে। যাত্রাপথে গাজীপুরের ভোগরা বাইপাস, টাঙ্গাইলের নগর জালপাই, সিরাজগঞ্জের হাটিকুমরুল, বগুড়ার মাটিডালি বিমান মোড় ও গাইবান্ধার পলাশবাড়ীতে একাধিক পথসভা অনুষ্ঠিত হবে। দীর্ঘ পথ অতিক্রম করে লংমার্চটি রংপুর জিলা স্কুল মাঠে সমাপনী সমাবেশের মাধ্যমে শেষ হবে। আয়োজকরা জানিয়েছেন, এই লংমার্চে সহস্রাধিক যানবাহনের বিশাল বহর যুক্ত হতে যাচ্ছে, যার জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় পথ নির্দেশিকা ও দায়িত্বশীল ব্যক্তি নির্ধারণ করা হয়েছে।
কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসন ও সাধারণ মানুষের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন মিয়া গোলাম পরওয়ার। পুলিশ, সিভিল প্রশাসন, গোয়েন্দা সংস্থা, ট্রাফিক বিভাগ এবং গণপরিবহন চালক ও যাত্রীদের প্রতি ইতিবাচক মনোভাব বজায় রাখার অনুরোধ জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, চলার পথে কোনো বাধা বা আঘাত আসলেও পাল্টা ব্যবস্থা না নিয়ে কর্মসূচি সফল করাই হবে দলটির মূল লক্ষ্য। একই সঙ্গে দায়িত্ব পালনরত সাংবাদিকদের যানবাহন চলাচলে সুবিধা প্রদান ও প্রয়োজনীয় তথ্য সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আকাশজমিন / আরআর