ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদিসহ দুই কারাবন্দীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—নওগাঁর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কয়েদি সোহরাব হোসেন (৫৫) এবং কালিয়াকৈর থানার হত্যা মামলার হাজতি আসামি মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ (৩২)। সোমবার তাঁদের মৃত্যুর তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, ময়নাতদন্ত সম্পন্ন করার জন্য উভয় মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, কয়েদি সোহরাব হোসেন রবিবার দিবাগত রাত ১২টার দিকে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি নওগাঁ জেলার মান্দা থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁর কয়েদি নম্বর ২০৯/এ। গত ১৪ সেপ্টেম্বর কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে এনে ভর্তি করা হয়। নিহত সোহরাব নওগাঁর মান্দা থানার রাঙ্গামাটিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
অন্যদিকে, একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা যান অপর হত্যা মামলার হাজতি বন্দী মো. আজিম উদ্দিন ওরফে কালাম শেখ। তাঁর হাজতি নম্বর ৪৩৬/২৬। নিহতের নথি থেকে জানা যায়, তিনি গাজীপুরের কালিয়াকৈর থানায় দায়েরকৃত একটি হত্যা মামলার আসামি ছিলেন। শারীরিক অসুস্থতাজনিত কারণে গত ২০ সেপ্টেম্বর তাঁকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। নিহত আজিম উদ্দিনের বাড়ি ঢাকার আশুলিয়া থানার শিমুলিয়া এলাকার শান্তিপাড়ায় এবং তাঁর বাবার নাম আব্দুস সামাদ। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।