জ্বালানি তেলের দাম বাড়ার পর দূরপাল্লা ও মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নতুন ভাড়া নির্ধারণের সিদ্ধান্ত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ২৩ পয়সা থেকে বেড়ে ২ টাকা ৪০ পয়সা হয়েছে। অন্যদিকে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সোমবার বিকেলে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সঙ্গে বৈঠকে বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিল সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটির পক্ষ থেকে প্রতি কিলোমিটারে ২০ পয়সা করে ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়।
প্রস্তাবে দূরপাল্লার বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ২৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৪৩ পয়সা করার কথা বলা হয়েছিল। একইভাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৫৩ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৭৩ পয়সা করার প্রস্তাব দেওয়া হয়।
এ ছাড়া ডিটিসি এলাকায় চলাচলকারী মিনিবাসের ভাড়াও বাড়ানোর প্রস্তাব করেছিল সড়ক পরিবহন মালিক সমিতি। সংগঠনটি ওই এলাকায় মিনিবাসের প্রতি কিলোমিটারের ভাড়া ২ টাকা ৩২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণের প্রস্তাব দেয়।
তবে মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয়ের বৈঠকে মালিক সমিতির প্রস্তাবের চেয়ে কম হারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ফলে দূরপাল্লা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় প্রতি কিলোমিটারে ১৭ পয়সা করে ভাড়া বাড়ল।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর পরিবহন খাতে ব্যয় বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বাস ভাড়া পুনর্নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়। নতুন ভাড়া কার্যকর হলে দূরপাল্লা ও মহানগর—দুই ধরনের বাসযাত্রাতেই যাত্রীদের অতিরিক্ত অর্থ গুনতে হবে।