এশিয়ান গেমসে অংশগ্রহণকারী ভারতীয় উদীয়মান ক্রিকেটার বিপ্রজ নিগমের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতনের গুরুতর অভিযোগ তুলেছেন হায়দরাবাদের এক তরুণী। তবে সমস্ত অভিযোগ অস্বীকার করে উল্টো ওই নারীর বিরুদ্ধে হয়রানি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগ এনেছেন ওই ক্রিকেটার।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮-এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি নিগমের বাড়ির সামনে কয়েক ঘণ্টা অবস্থান করে তার সঙ্গে সরাসরি কথা বলার দাবি জানান ওই নারী। তবে সে সময় ভারতীয় জাতীয় দলের সঙ্গে জাপানে অবস্থান করছিলেন বিপ্রজ নিগম। অভিযোগকারী নারীর দাবি, ২০২৫ সালের মে মাসে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের পরিচয় হয়। সম্পর্কের একপর্যায়ে গত বছরের ২৯ জুলাই নয়ডার একটি হোটেলে তাকে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন চালানো হয়। এ ঘটনায় গৌতম বুদ্ধ নগর জেলার এক্সপ্রেসওয়ে থানায় অভিযোগ দায়েরের পর ২০২৫ সালের ১৬ ডিসেম্বরে মামলাটি নথিভুক্ত করা হয়।
অন্যদিকে, এই অভিযোগের সত্যতা নাকচ করে নিগম নিজেই গত বছরের ৮ নভেম্বর বারাবাঁকি কোতোয়ালি থানায় পাল্টা অভিযোগ করেন। তার দাবি, ওই নারী বিভিন্ন অপরিচিত নম্বর থেকে ফোন করে তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিচ্ছেন। সম্প্রতি ক্রিকেটারের বাবা অভিযোগকারী নারীর সঙ্গে ফোনে কথা বলে বিষয়টি নিয়ে এক সপ্তাহ পর আলোচনার আশ্বাস দিয়েছেন। এদিকে ওই নারী জানিয়েছেন, তিনি কোনো বিরোধে জড়াতে চান না, কেবল ক্রিকেটারের সঙ্গে সরাসরি কথা বলতে চান।
২২ বছর বয়সী স্পিন অলরাউন্ডার বিপ্রজ নিগম উত্তর প্রদেশের হয়ে ছয়টি প্রথম শ্রেণির ম্যাচ এবং আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ১৯ ম্যাচে ১৩ উইকেট শিকার করেছেন। সম্প্রতি বরুণ চক্রবর্তীর চোটের সুবাদে জাতীয় দলে ডাক পাওয়া এই তরুণ ক্রিকেটার জাপানের বিপক্ষে ম্যাচ ও এশিয়ান গেমসের দলে যুক্ত রয়েছেন। মাঠের বাইরে আইনি জটিলতা ও পাল্টাপাল্টি অভিযোগের মাঝেই বর্তমানে দলের সঙ্গে মিশনে ব্যস্ত রয়েছেন তিনি।