আন্তর্জাতিক ডেস্ক
বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী ভারত। দুই দেশের বিদ্যমান কাঠামোগত ব্যবস্থার আওতায় দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোলা রাখার কথাও জানিয়েছে নয়াদিল্লি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নয়াদিল্লিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এসব কথা বলেন। তিনি জানান, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে ভারতের অবস্থানে মৌলিক কোনো পরিবর্তন আসেনি। দুই দেশের মধ্যে যেসব দ্বিপক্ষীয় বিষয় রয়েছে, সেগুলো বিদ্যমান ব্যবস্থার মাধ্যমেই আলোচনার মাধ্যমে এগিয়ে নিতে চায় ভারত।
রণধীর জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক ও দূরদর্শী সম্পর্ক চায়। দুই দেশের মধ্যে বর্তমানে যে কাঠামোগত ব্যবস্থা রয়েছে, তার মাধ্যমেই সব দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করতে ভারত প্রস্তুত। এটিই তাদের উদ্দেশ্য বলে জানান তিনি।
এদিকে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের মধ্যে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হবে কি না, সে বিষয়ে জয়সওয়ালের কাছে এ সময় নিশ্চিত কোনো তথ্য ছিল না।
জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন এস জয়শঙ্কর। আগামী ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। সফরকালে তিনি বিভিন্ন বহুপক্ষীয় ও দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন।
অন্যদিকে, চলতি সেপ্টেম্বর মাসে বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ ও বৈঠক করছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। গত সপ্তাহে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে শিক্ষা, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা হয়।
বাংলাদেশ ও ভারতের মধ্যে বিভিন্ন সময়ে বাণিজ্য, যোগাযোগ, পানি, সীমান্ত, নিরাপত্তা ও অন্যান্য বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা হয়ে আসছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক বক্তব্যে বিদ্যমান কাঠামোর মধ্য দিয়ে এসব বিষয়ে আলোচনার ধারাবাহিকতা বজায় রাখার বিষয়টি আবারও উঠে এসেছে।
সূত্র: ইন্ডিয়া ডটকম