ঢাকা, বাংলাদেশ ।
  বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬,  ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১৪ বছর পর পর্দায় ফিরেই তোলপাড়, দেব-শুভশ্রীর রসায়নে নতুন গুঞ্জন টলিপাড়ায় চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা ৪৯৪ কোটি টাকার তামাক আটক পাকিস্তানে অ্যাম্বুলেন্সে সিলিন্ডার বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯ সখীপুরে মাটির নিচে মিলল দুটি বাক্স, উদ্ধার রকেট লঞ্চারসদৃশ ১২ বস্তু মদ ও সিগারেটের প্রলোভনে কিশোরকে বারবার যৌন নির্যাতন আমরা অবশ্যই এই ভোট নিয়ে সন্তুষ্ট: ইসি সচিব আখতার আহমেদ আন্দোলনে সহিংসতায় জড়ালে মিলবে না সরকারি চাকরি: ভারতের নতুন নীতি হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের ‘স্পাই ড্রোন’ আটক করল ইরান এআই দেখে বিষাক্ত মদ তৈরি: ভারতে ১৩ জনের মৃত্যু

জাতিসংঘে আজ রাতে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান


  • আপলোড সময় : বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর, ২০২৬ সময় : ৩:৫৮ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের একান্নতম (৮১তম) অধিবেশনে আজ বাংলাদেশ সময় রাত তিনটায় (নিউইয়র্ক সময় বিকেল পাঁচটায়) মাতৃভাষা বাংলায় বিশ্বমঞ্চে গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মাধ্যমে দেশের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, আবেগ এবং অনুভূতির বার্তা বিশ্ববাসীর কাছে তুলে ধরে নতুন এক ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।


নিউইয়র্কে অবস্থিত ‘হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল নিউইয়র্ক’ হোটেলের লবিতে আয়োজিত এক বিশেষ প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন প্রধানমন্ত্রীর জাতিসংঘের এই ঐতিহাসিক কর্মসূচির বিস্তারিত গণমাধ্যমের সামনে তুলে ধরেন। তিনি উল্লেখ করেন যে, এর আগে প্রধানমন্ত্রীর সম্মানিত পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং শ্রদ্ধেয় মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছিলেন। তাঁদের সেই বর্ণাঢ্য ধারাবাহিকতা বজায় রেখেই এবার প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে দাঁড়িয়ে মাতৃভাষা বাংলায় জাতির কথা তুলে ধরবেন।


সফরের দ্বিতীয় দিনে বেশ কিছু অত্যন্ত ফলপ্রসূ বৈঠক ও কর্মযজ্ঞ সম্পন্ন হয়েছে বলে জানান মাহ্দী আমিন। দিনের শুরুতেই বিশ্বখ্যাত সহায়তা সংস্থা ‘গেটস ফাউন্ডেশন’-এর উচ্চপর্যায়ী প্রতিনিধিদলের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত স্বাস্থ্য ও কৃষি—এই দুই কৌশলগত খাতকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে এই আলোচনা পরিচালিত হয়। বিশেষ করে দেশের কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং 'স্মার্ট ফার্মার কার্ড'-এর মাধ্যমে সার্বিক উৎপাদন বহুগুণ বাড়িয়ে তোলার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য খাতের সক্ষমতা আরও সুদৃঢ় করতে দেশের ভেতরেই নিজস্ব ভ্যাকসিন উৎপাদন এবং সরকারের ১ লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়, যার মধ্যে আংশিক হিসেবে প্রায় ৮০ শতাংশ কর্মীই নারী হবেন বলে জানানো হয়। খুব শীঘ্রই সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বাংলাদেশ সফর করবে বলে আশা করা হচ্ছে।


এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানের লক্ষ্যে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ উদ্যোগে ‘জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের সাইডলাইন বৈঠক অনুষ্ঠিত হয়। এই বহুপাক্ষিক বৈঠকে গাম্বিয়ার ভাইস প্রেসিডেন্ট, জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি, মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূতসহ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, সৌদি আরব, তুরস্ক, মালয়েশিয়া, থাইল্যান্ড, অস্ট্রেলিয়া এবং ওআইসি ও জাতিসংঘের শীর্ষস্থানীয় বিভিন্ন সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বৈঠকে প্রধানমন্ত্রী বিশ্বনেতাদের সামনে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানের লক্ষ্যে সুনির্দিষ্ট ৫ দফা প্রস্তাব পেশ করেন এবং নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের ওপর সর্বোচ্চ গুরুত্ব আরোপ করেন।


জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং অর্থনৈতিক কূটনীতির ক্ষেত্রেও দিনটি বাংলাদেশের জন্য অত্যন্ত গৌরবময় ও সফল ছিল বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। ‘ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড জাস্ট ট্রানজিশন’ শীর্ষক জাতিসংঘের উচ্চপর্যায়ের সভায় পরিবেশ সুরক্ষা ও জলবায়ু সংকট মোকাবেলায় ৫ দফা প্রস্তাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। দেশের নদী ও পরিবেশ রক্ষায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ বাস্তবায়নসহ নবায়নযোগ্য শক্তির ব্যবহার বৃদ্ধির রূপরেখা বিশ্বনেতাদের সামনে উপস্থাপন করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক বাণিজ্য ও বিমান চলাচলের ক্ষেত্রে বড় সাফল্য হিসেবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান 'বোয়িং'-এর মধ্যকার একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


এ সম্পর্কিত আরো খবর